Dharmendra: ধর্মেন্দ্র হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন, পরিবারের মুখে চওড়া হাসি সুস্থতার পথে বর্ষীয়ান অভিনেতা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ডিসেম্বরের ৮ তারিখে নব্বইতে পা দেবেন ধর্মেন্দ্র (Dharmendra)। কিন্তু বয়স যেন তাঁর কাছে নিছকই একটি সংখ্যা। টানা সাত দিন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে বাড়ি ফিরলেন এই বর্ষীয়ান অভিনেতা। বুধবার সকালে অ্যাম্বুল্যান্সে চেপে হাসপাতাল থেকে বের হন ধর্মেন্দ্র (Dharmendra)। তাঁর পাশে ছিলেন ছোট ছেলে ববি দেওল, অন্য গাড়িতে ছিলেন পরিবারের আরও সদস্যরা। সেই দৃশ্য মুহূর্তেই ভাইরাল হয় সমাজমাধ্যমে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অভিনেতার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং বাড়িতেই চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব।

আরও পড়ুন:Dharmendra Deol: ভুয়ো মৃত্যুসংবাদে উত্তাল সোশ্যাল মিডিয়া, স্থিতিশীল ধর্মেন্দ্র পরিবার জানালেন, “তিনি সুস্থ হচ্ছেন”

গত সপ্তাহে শ্বাসকষ্ট ও বয়সজনিত সমস্যার কারণে মুম্বইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ধর্মেন্দ্রকে (Dharmendra)। চিকিৎসকরা জানিয়েছেন, বয়সের তুলনায় তাঁর শারীরিক শক্তি এখনও যথেষ্ট ভালো। সোমবার রাতে হঠাৎ করে অভিনেতার মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়তেই উত্তাল হয় সমাজমাধ্যম। কেউ দাবি করেন, ভেন্টিলেশনে রয়েছেন ধর্মেন্দ্র (Dharmendra), কেউ আবার মৃত্যুর সংবাদও প্রকাশ করে বসেন। পরিস্থিতি সামাল দিতে হেমা মালিনী, সানি দেওল ও ঈশা দেওল নিজে সামনে আসেন। ঈশা দেওল ক্ষোভ প্রকাশ করে সমাজমাধ্যমে লেখেন, “বাবা চিকিৎসায় সাড়া দিচ্ছেন, ভুয়ো খবর ছড়াবেন না।” হেমা মালিনীও কটাক্ষ করে জানান, “জীবিত মানুষকে রাতারাতি মেরে ফেলার মতো অমানবিক আচরণ মেনে নেওয়া যায় না।” এরপর থেকেই হাসপাতালে কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়, যাতে কোনও অনধিকারপ্রবেশ না ঘটে।

এখন অনেকটাই সুস্থ ধর্মেন্দ্র (Dharmendra)। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, বাকি চিকিৎসা এখন থেকে বাড়িতেই হবে। ফলে তাঁকে বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ রিলিজ দেওয়া হয়। যদিও দেওল পরিবার বা হেমা মালিনীর তরফ থেকে আনুষ্ঠানিক কোনও বিবৃতি এখনো প্রকাশ পায়নি। তবে হাসিখুশি মুখে পরিবারের সদস্যদের দেখা গিয়েছে, যা স্পষ্ট ইঙ্গিত দেয়— মুম্বইয়ের আকাশে যেন ফের রোদ উঠেছে, ধর্মেন্দ্র (Dharmendra) ফিরেছেন নিজের ঘরে, পরিবারের ভালোবাসার পরশে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole