নিউজপোল ব্যুরো: কদিন ধরেই সবাইকে চমকে দিচ্ছেন অভিনেত্রী কোয়েল মল্লিক। তৃণমূল কংগ্রেস রাজ্যসভার প্রার্থী করছে অভিনেত্রী কোয়েল মল্লিককে। এতদিন একেবারেই এ খবর প্রকাশ্যে আনেননি কোয়েল। হঠাৎই সুখবর সামনে আনলেন তিনি। রাজ্যসভাতে কোয়েলকে নির্বাচিত করা নিয়ে ভীষণ ভাবে আশাবাদী অভিনেত্রী সাংসদ শতাব্দী রায়।
কোয়েলের এই সিদ্ধান্ত নিয়ে এবার মুখ খুললেন বীরভূমের তারকা সাংসদ শতাব্দী রায়। বললেন, “ও ভীষণ সিরিয়াস মেয়ে। খুব ভাল মেয়ে। যে কোনও কাজ সিরিয়াসলি করলে তার ফল পাওয়া যায়। আরও সেটা করবে।”

আগামী ১৬ মার্চ রাজ্যসভার নির্বাচন। এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকা ভীষণ চমকপ্রদ। তালিকায় নাম রয়েছে রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন ডিজি রাজীব কুমার ও রাজ্যের বর্তমান মন্ত্রী বাবুল সুপ্রিয়, সুপ্রিম কোর্টের আইনজীবি মেনকা গুরুস্বামী ও রঞ্জিত মল্লিকক ন্যা কোয়েল মল্লিক রানে।
তবে কোয়েলের রাজনীতিতে আসা নিয়ে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। বরাবরই কোয়েল রাজনীতির থেকে বহু দূরে। শাসক বা বিরোধী, কোনও শিবিরেই দেখা যায়নি তাঁকে। সেই কোয়েল মল্লিককে সরাসরি রাজ্যসভার প্রার্থী করায় স্বাভাবিকভাবেই নানারকম গুঞ্জন চারদিকে।

কয়েক দিন আগে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালি নিয়ে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দীর্ঘক্ষণ কথা হয় তাঁদের। এরপর সংবাদমাধ্যমের সামনে অভিষেকের ভূয়সী প্রশংসা করেছিলেন রঞ্জিত মল্লিক। এখন কোয়েলের তৃণমূলের হয়ে রাজ্যসভায় যোগ দেওয়া নিয়ে রঞ্জিত মল্লিকের সঙ্গে অভিষেকের এই যোগ টেনে আনছেন অনেকেই।
শতাব্দী রায় ও কোয়েল মল্লিক দু’জনে একসঙ্গে অভিনয় করেছিলেন প্রায় ২০ বছর আগে। রাজা সেনের ‘দেবীপক্ষ’ ছবিতে দুই বোনের চরিত্রে অভিনয় করেছিলেন শতাব্দী রায় ও কোয়েল মল্লিক। এরপর শতাব্দী অভিনয় জীবনকে বিদায় জানিয়ে রাজনীতি আর নিজের পছন্দের কবিতা লেখাতেই ব্যস্ত হয়ে পড়েন। কোয়েল ততদিনে প্রথম সারির নায়িকা হিসেবে সফল হন। এত বছর পর কোয়েল এবার রাজনীতির অঙ্গনে।
কোয়েলকে রাজ্যসভার প্রার্থী হিসেবে একরাশ শুভেচ্ছা জানালেন বড় দিদির মতোই শতাব্দী রায়।
