Rashmika Mandanna: গোপনে বাগ্‌দান সেরেছেন বিজয় ও রশ্মিকা? অবশেষে মুখ খুললেন ‘শ্রীভল্লী’

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দক্ষিণের জনপ্রিয় জুটি বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandanna) নাকি গোপনে আংটিবদল সেরেছেন—এমনই গুঞ্জনে সরগরম বিনোদনজগৎ। রশ্মিকার আঙুলে হিরের আংটি দেখা যেতেই সেই জল্পনা আরও ঘনীভূত হয়েছে। অনুরাগীরা মনে করছেন, তাঁদের সম্পর্ক এখন আনুষ্ঠানিক পর্যায়ে পৌঁছেছে। কিন্তু এতদিন মুখে কুলুপ এঁটে রেখেছিলেন দু’জনেই। অবশেষে বাগ্‌দান নিয়ে মুখ খুললেন ‘শ্রীভল্লী’।

আরও পড়ুন: Bollywood actor: সৌদি আরবে এক ফ্রেমে তিন খান! শাহরুখ, সলমন ও আমিরের ছবিতে উত্তেজনায় ভরেছে নেটদুনিয়া

সম্প্রতি এক জনপ্রিয় অনুষ্ঠানে হাজির ছিলেন রশ্মিকা (Rashmika Mandanna)। সঞ্চালক হালকা খোঁচা দিয়ে বলেন, “আপনাকে শুভেচ্ছা জানানো বাকি আছে।” প্রশ্ন শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যান অভিনেত্রী। পরে সঞ্চালক জানান, তিনি রশ্মিকার নতুন পারফিউম ব্র্যান্ডের জন্য শুভেচ্ছা জানিয়েছেন, তবে অন্য কোনও বিশেষ কারণও কি আছে? হেসে জবাব দেন রশ্মিকা—“অনেক কারণেই আপনি আমাকে শুভেচ্ছা জানাতে পারেন। সব কিছুর জন্যই আমি আপনার শুভেচ্ছা গ্রহণ করছি।”

তাঁর এই উত্তর শুনে দর্শক ও নেটিজেনরা একপ্রকার নিশ্চিত—রশ্মিকা কিছু গোপন রাখছেন না, আবার সম্পূর্ণ প্রকাশও করছেন না। তাই অনেকে ধরে নিয়েছেন, সত্যিই বাগ্‌দান সেরে ফেলেছেন বিজয়-রশ্মিকা জুটি।

সূত্রের খবর, গত ৩ অক্টোবর হায়দ্রাবাদের বিজয়ের বাড়িতেই একান্তভাবে আয়োজিত হয়েছিল বাগ্‌দানের অনুষ্ঠান। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যরাই উপস্থিত ছিলেন সেখানে। যদিও দু’জনের পক্ষ থেকেই এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

২০১৮ সাল থেকে একে অপরের ঘনিষ্ঠ বিজয় ও রশ্মিকা বহু বার একসঙ্গে ধরা দিয়েছেন। ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’ ছবির পর থেকেই তাঁদের রসায়ন নিয়ে জল্পনা শুরু হয়। তবে তাঁরা সবসময়ই সম্পর্কের কথা ‘বন্ধুত্ব’ হিসেবেই উড়িয়ে দিয়েছেন।

এখন শোনা যাচ্ছে, বিয়ের পরিকল্পনাও নাকি তৈরি হচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই তাঁদের চারহাত এক হতে পারে। তবে বিয়ের আগে কিছুটা সময় নিচ্ছেন এই তারকা জুটি—নিজেদের আরও ভালভাবে বোঝার জন্য। তাঁদের মতে, ব্যক্তিগত সিদ্ধান্ত যত দিন সম্ভব গোপন রাখাই বুদ্ধিমানের কাজ।

যা-ই হোক, রশ্মিকার সেই সংযত উত্তর এবং আঙুলে চকচকে আংটি দেখে অনুরাগীরা এখন একটাই আশা করছেন—বিজয় ও রশ্মিকার সুখবর যেন শিগগিরই প্রকাশ্যে আসে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole