Dharmendra Deol: ভুয়ো মৃত্যুসংবাদে উত্তাল সোশ্যাল মিডিয়া, স্থিতিশীল ধর্মেন্দ্র পরিবার জানালেন, “তিনি সুস্থ হচ্ছেন”

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: সোমবার গভীর রাত থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ছড়াতে শুরু করে বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra Deol)-র মৃত্যুর গুঞ্জন। মুহূর্তে ভরে ওঠে টাইমলাইন। কোথাও দাবি করা হয় তিনি আর নেই, কোথাও আবার হাসপাতালে বিশৃঙ্খলার খবর। কিন্তু মঙ্গলবার সকাল হতেই দেওল পরিবারের তরফে জানানো হয়—সবই মিথ্যে। ধর্মেন্দ্র (Dharmendra Deol) জীবিত, চিকিৎসায় স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।

আরও পড়ুন:Rabina Tandon: দিল্লির লালকেল্লা বিস্ফোরণ: শোক, ক্ষোভ ও নিরাপত্তা–প্রশ্নে সরব বলিউড, কড়া শাস্তি চান রবীনা টন্ডন

প্রথমেই সরব হন অভিনেতার মেয়ে ঈশা দেওল। তাঁর স্পষ্ট বক্তব্য, “বাবার শারীরিক অবস্থা স্থিতিশীল। তিনি চিকিৎসায় ভাল সাড়া দিচ্ছেন।” ভুয়ো খবর ছড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে অনুরাগী এবং সংবাদমাধ্যমকে সতর্ক থাকার আবেদন করেন তিনি। জানান, “আমাদের অনুমতি ছাড়া তৃতীয় ব্যক্তি ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না।” পাশাপাশি তিনি জানান, চাপে পড়ে কিছু সংবাদমাধ্যম হয়তো ভুয়ো মৃত্যুসংবাদ প্রকাশ করে ফেলেছে। এর পরেই বার্তা দেন হেমা মালিনী। তিনিও ভুয়ো খবরে ক্ষুব্ধ। তাঁর কথায়, “যে হারে মিথ্যে খবর ছড়ানো হচ্ছে, তা ক্ষমার অযোগ্য। একজন মানুষ ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন, আর তখনই তাঁর মৃত্যুসংবাদ রটানো—এটা অসম্মানজনক।” হেমার কঠোর সমালোচনায় স্পষ্ট, পরিবারের উপর এই ভুয়ো সংবাদ যে মানসিক চাপ তৈরি করেছে, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।

ধর্মেন্দ্র (Dharmendra Deol)-র শারীরিক অবস্থা নিয়ে বলিউডও উদ্বিগ্ন। হাসপাতালের নিরাপত্তা বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। জানা গেছে, ধর্মেন্দ্র-সহ সমস্ত রোগীর গোপনীয়তা রক্ষা করতেই এই পদক্ষেপ। শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ৮৯ বছরের অভিনেতা। সোমবার তাঁর ভেন্টিলেশনে থাকার খবরও ছড়িয়ে পড়েছিল, কিন্তু তা-ও পরে ভুয়ো বলে জানানো হয়। হেমা এবং ঈশার পাশাপাশি সানি দেওলের টিমও সোমবার রাতেই স্পষ্ট করে জানিয়েছিল, ধর্মেন্দ্র (Dharmendra Deol) চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করে সকলকে প্রার্থনা জানাতে অনুরোধ করা হয়। এতকিছুর মধ্যেও একে একে তাঁকে দেখতে হাসপাতালে যান শাহরুখ খান, সলমন খান, অমিষা পটেল-সহ বলিউডের বহু তারকা। আগামী ৮ ডিসেম্বর ৯০ বছরে পা দেবেন ধর্মেন্দ্র (Dharmendra Deol)। পরিবার ও ভক্তরা তাই এখন একটাই প্রার্থনা করছেন প্রিয় ‘হি-ম্যান’ দ্রুত সুস্থ হয়ে ফিরুন পর্দায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole