নিউজপোল ব্যুরো: বর্ষা বিদায়ের পথে। দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই বর্ষার প্রত্যাবর্তনের ইঙ্গিত মিললেও বাংলায় এখনও পুরোপুরি কাটেনি বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যের কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
তবে এই মুহূর্তে উদ্বেগের মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস। আজ বৃহস্পতিবার এবং আগামীকাল, ২ অক্টোবর দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আরও দেখুন:-তৃণমূলের পর এবার বিজেপি! রাজ্যসভা উপনির্বাচনে কোয়েলকে ঘিরে জোর চর্চা
সপ্তাহান্তেও আবহাওয়ার খুব একটা বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তই থাকবে। ফলে পুজোর আগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত বড় কোনও দুর্যোগের আশঙ্কা দেখছে না হাওয়া অফিস।
উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং ও কালিম্পংয়ের পাহাড়ি এলাকা ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এদিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। শহরের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। অর্থাৎ পুজোর আগে আকাশে মেঘ-বৃষ্টির আনাগোনা থাকলেও আপাতত স্বস্তিতেই থাকছে বাংলা।
