নিউজপোল ব্যুরো: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা SIR বিতর্কের মাঝেই দিল্লিতে হঠাৎ বিস্ফোরণ ঘটাল বিরোধী ‘ইন্ডিয়া’ জোট! মঙ্গলবার কনস্টিটিউশন ক্লাবে বিজেপি বিরোধী সর্বভারতীয় দলগুলোর হাইভোল্টেজ মেগা বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে CEC (Chief Election Commissioner of IndiA) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একপ্রকার যুদ্ধের দামামা বাজিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও মল্লিকার্জুন খড়গে। নরেন্দ্র মোদী ও অমিত শাহের নিয়ন্ত্রণে থাকা কমিশনকে তীব্র কটাক্ষ করে কংগ্রেস সভাপতি যেমন এটিকে ‘হাতের পুতুল’ বলেছেন, ঠিক তেমনই তাঁর পাশেই বসা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে একবারে চাঁচাছোলা আক্রমণ শানান।
দিল্লিতে INDIA জোটের বৈঠকে বিস্ফোরক হয়ে বললেন, “ভ্যানিশ কুমার চোর, ভ্যানিশ কুমার ডাকাত! ভোট চুরি করেছেন,EVM পুড়িয়েছেন, সফটওয়্যার জালিয়াতি করে গণনায় কারচুপি করেছেন! বাংলায় ৯২ লক্ষ আর দেশে ১৩ কোটির বেশি ভোট লুঠ করা হয়েছে। এক মিনিটও পদে থাকার যোগ্যতা নেই ওঁর, এখনই পদত্যাগ করতে হবে!” সনিয়া গান্ধীর ঠিক পাশে বসে থাকা মমতার এই রুদ্ররূপ দেখে কংগ্রেসের প্রাক্তন নেত্রী স্বয়ং তাঁর পিঠ চাপড়ে সমর্থন জানান। মমতা আরও হুঁশিয়ারি দেন, এই ভোটচুরির বিরুদ্ধে প্রয়োজনে রক্ত ঝরবে তবুও লড়াই থামবে না।
বৈঠক শেষে বিরোধী জোটের তরফে দুটি মেগা আন্দোলনের চূড়ান্ত সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ২ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত দিল্লি জুড়ে আয়োজিত হবে বিরোধীদের ‘গণতন্ত্র বাঁচাও’ যাত্রা। এরপর আগামী ১ নভেম্বর দিল্লির রাজপথে আয়োজিত হতে চলেছে বিরোধী জোটের নজিরবিহীন মেগা মিছিল। কেবল কমিশনকে আক্রমণই নয়, ইভিএম হটিয়ে আগামীতে ব্যালট পেপারে ভোট ফেরানোর দাবিতেও অনড় লড়াই জারি রাখার বার্তা দিয়েছে ইন্ডিয়া জোট।
