নিউজপোল ব্যুরো:নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে ঘিরে ফের তৈরি হল আইনি টানাপোড়েন। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ ২০০৭ সালের ছ’টি মামলায় তাঁকে অন্তর্বর্তী জামিন দেয়। ৬ অক্টোবরের উপনির্বাচনে যাতে তিনি প্রচারে অংশ নিতে পারেন, সেই বিষয়টি বিবেচনা করেই এই অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হয়েছে।
হাই কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের জন্য জামিনে থাকবেন মিলন। তাঁকে আদালতের দেওয়া শর্তও মেনে চলতে হবে। এর মধ্যেই হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। বুধবার দেশের শীর্ষ আদালতে মামলাটি ওঠে।
আরও দেখুন:-কেন ‘হোয়াইট হাউস’ ছাড়লেন দাউদ? করাচি পোর্টে নতুন আস্তানার দাবি
রাজ্যের হয়ে সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলাটি বৃহস্পতিবার তালিকাভুক্ত করার আবেদন জানান। তবে প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট করে জানান, মামলার নিষ্পত্তি হবে, কিন্তু বৃহস্পতিবার নয়—শুনানি হবে সোমবার। মেহতা ফের বৃহস্পতিবারের কথা বললেও প্রধান বিচারপতি নিজের সিদ্ধান্তে অনড় থাকেন।
ফলে ভোটের মাত্র কয়েক দিন আগে মিলন প্রধানের জামিন নিয়ে আইনি লড়াই কোন দিকে যায়, এখন সেদিকেই নজর নন্দীগ্রামের।
