নিউজপোল ব্যুরো:করাচিতে দাউদ ইব্রাহিমকে ঘিরে ফের চর্চা শুরু হয়েছে। গোয়েন্দা মহলের একটি সূত্রের দাবি, ক্লিফটনের পরিচিত ঠিকানা থেকে সরিয়ে তাঁকে করাচি বন্দরের আশপাশের একটি নিরাপদ জায়গায় রাখা হয়েছে। এতদিন যে বাড়িটি দাউদের সঙ্গে যুক্ত বলে বিভিন্ন সময়ে দাবি করা হয়েছে, সেই জায়গা বদলের পিছনে নিরাপত্তাজনিত কারণ রয়েছে বলেই মনে করা হচ্ছে।
সূত্রের বক্তব্য, দাউদের সঙ্গে যুক্ত মাদক পাচারের পরিকাঠামোকে সক্রিয় রাখার পাশাপাশি তাঁর অবস্থান যাতে আন্তর্জাতিক নজরে না আসে, সেটিও পাকিস্তানি গোয়েন্দা সংস্থার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে দাউদের নেটওয়ার্কে একাধিক ধাক্কা আসায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে গোয়েন্দা মহলের দাবি।
আরও দেখুন:-কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার
বিশেষ করে সীমান্তপথে মাদক পাচার এবং ডি-কোম্পানির আর্থিক কার্যকলাপ নিয়ে নজরদারি বাড়ায় পুরনো ঠিকানাটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল বলে সূত্রের দাবি। পাশাপাশি পাকিস্তানে একাধিক জঙ্গি নেতার রহস্যজনক মৃত্যুর ঘটনাও নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
দাউদের শারীরিক পরিস্থিতির কারণেও দীর্ঘ দূরত্বে তাঁকে সরানো সম্ভব নয় বলে দাবি করা হচ্ছে। তাই করাচি পোর্টের কাছাকাছি জায়গাকেই নতুন নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের বক্তব্য। তবে এই দাবির বিষয়ে পাকিস্তান সরকারের তরফে কোনও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ সামনে আসেনি।
