SRFTI NEWS UPDATE : কী হয়েছিল SRFTI-তে? অনুষ্ঠান ঘিরে আপত্তি, বচসা, সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগের পর ৬ সদস্যের SIT গঠন, নেতৃত্বে ACP কুণাল আগরওয়াল

breakingnews অপরাধ আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: (SRFTI)-এর ক্যাম্পাসে সংঘর্ষের ঘটনায় এবার তদন্তে গতি আনতে বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করল নবান্ন। ছয় সদস্যের এই দলের নেতৃত্বে থাকছেন কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ দমন) আইপিএস কুণাল আগরওয়াল। ১ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যেই SIT-কে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

SIT-এ কুণাল আগরওয়াল ছাড়াও রয়েছেন কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার স্পর্শ নীলাঙ্গী, CID-এর ডিএসপি কৌশিক ঘোষ, গুন্ডা দমন শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার সলিল রায়, ইস্টার্ন সাবারবান ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার তুষারকান্তি ঘোষ এবং কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইনস্পেক্টর হীরক দলপতি। সংঘর্ষের নেপথ্যে কী হয়েছিল, কার ভূমিকা ছিল এবং পুলিশের কাছে জমা পড়া অভিযোগগুলির সত্যতা কতটা—এসব বিষয়ই তদন্তের আওতায় আসতে পারে।

ঘটনার সূত্রপাত ২৭ সেপ্টেম্বর, রবিবার। SRFTI-এর মেন থিয়েটার হলে অখিল ভারতীয় গ্রাহক পঞ্চায়েত (ABGP)-এর একটি অনুষ্ঠান হয়েছিল। ওই অনুষ্ঠান ঘিরে একদল পড়ুয়া আপত্তি জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পড়ুয়াদের অভিযোগ, অনুষ্ঠানের আয়োজন নিয়ে তাঁদের আগে জানানো হয়নি এবং প্রতিবাদ করতে গেলে তাঁদের সঙ্গে বচসা শুরু হয়। পরে সেই বচসাই সংঘর্ষের চেহারা নেয়।

ঘটনার পর দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে। পড়ুয়াদের পক্ষ থেকে মারধর এবং বাইরে থেকে ইট-পাথর ছোড়ার অভিযোগ করা হয়। পাল্টা ABGP-র সদস্যদের দাবি, তাঁদের অনুষ্ঠান ব্যাহত করা হয়েছে এবং তাঁদের কয়েকজন সদস্যও আক্রান্ত হয়েছেন। অর্থাৎ ঘটনার দায় নিয়ে এখনও দু’পক্ষের বক্তব্য সম্পূর্ণ আলাদা। এই ঘটনায় পঞ্চসায়র থানায় তিনটি মামলা দায়ের হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। একটি মামলা পুলিশের পক্ষ থেকে স্বতঃপ্রণোদিত এবং বাকি অভিযোগগুলির মধ্যে SRFTI কর্তৃপক্ষ ও ABGP-র অভিযোগও রয়েছে।