কাশ্মীরে বড় সাফল্য নিরাপত্তা বাহিনীর, এনকাউন্টারে খতম লস্কর কমান্ডার

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: কাশ্মীরের বুধগাম জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে বড় সাফল্য। ইউসমার্গের কোরাগ এলাকায় যৌথ অভিযানে গুলির লড়াইয়ের পর এক লস্কর-ই-তৈবা জঙ্গি নিহত হয়েছে। নিরাপত্তা আধিকারিকদের দাবি, নিহত ব্যক্তি লস্করের বহুদিনের ‘ওয়ান্টেড’ কমান্ডার সুলেমান শাহ ওরফে মুসা। তবে চিনার কর্পসের সরকারি বিবৃতিতে নিহত জঙ্গির নাম প্রকাশ করা হয়নি।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার কোরাগ এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনা, জম্মু-কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনী। সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর জওয়ানরা এলাকা ঘিরে ফেলেন। নিরাপত্তা বাহিনীর দাবি, জঙ্গিরা পাল্টা গুলি চালালে শুরু হয় তীব্র সংঘর্ষ। সেই গুলির লড়াইয়েই এক জঙ্গিকে নিষ্ক্রিয় করা হয়। পরে আধিকারিকরা জানান, দুধপাতরির প্রত্যন্ত জঙ্গল এলাকায় নিহত জঙ্গিই মুসা।

নিরাপত্তা সূত্রের দাবি, পির পাঞ্জাল পর্বতমালার দুই প্রান্তে একাধিক হামলার ঘটনায় মুসার নাম উঠে এসেছিল। চলতি মাসের শুরুতে ইউসমার্গের সংঘর্ষ থেকেও সে পালিয়ে গিয়েছিল বলে জানা যায়। সেই অভিযানে তার ঘনিষ্ঠ সহযোগী ইয়াসির নিহত হয়েছিল। এবার মুসার মৃত্যুর পরও এলাকায় তল্লাশি অভিযান চলছে।