গঙ্গাভাঙনের ধাক্কা রেলে, বদলে গেল একাধিক ট্রেনের রুট

breakingnews কলকাতা রাজ্য

নিউজপোল ব্যুরো: গঙ্গাভাঙনের ধাক্কায় ফের বিপর্যস্ত রেল পরিষেবা। মালদা ডিভিশনের সাহেবগঞ্জ–বারহাড়োয়া সেকশনে রেললাইনে ভাঙন দেখা দেওয়ায় ব্যাহত হয়েছে ট্রেন চলাচল। সকরিগলি ও মহারাজপুর স্টেশনের মধ্যে লাইনে ভাঙনের জেরে ওই পথে আপাতত ট্রেন চালানো সম্ভব হচ্ছে না। পরিস্থিতির প্রভাব পড়েছে একাধিক ট্রেনের পরিষেবায়।

রেল সূত্রে খবর, আজ হাওড়া থেকে সাহেবগঞ্জ এক্সপ্রেস ছাড়ছে না। বাতিল করা হয়েছে বারহাড়োয়া–সাহেবগঞ্জ এবং সাহেবগঞ্জ–বারহাড়োয়া প্যাসেঞ্জার ট্রেন। পাশাপাশি এই সেকশনে চলাচলকারী ৯টি MEMU-ও বাতিল করা হয়েছে।

আরও দেখুন:-নন্দীগ্রাম ভোটের আগে মিলন প্রধানকে ঘিরে ফের আইনি টানাপোড়েন

অন্যদিকে, দূরপাল্লার একাধিক ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। ভাঙনের কারণে গয়া–হাওড়া এক্সপ্রেস কিউল–ঝাঝা–আসানসোল হয়ে ঘুরপথে চলবে। বালিয়া–শিয়ালদা এক্সপ্রেস এবং কাঠগুদাম–হাওড়া বাঘ এক্সপ্রেসেরও রুট বদল করা হয়েছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করার পাশাপাশি কিছু ট্রেনের যাত্রার সূচনাস্থলও পরিবর্তন করা হয়েছে।

হঠাৎ এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন বহু যাত্রী। রেলপথ দ্রুত স্বাভাবিক করার জন্য মেরামতির কাজ চালানোর পাশাপাশি পরিস্থিতির উপর নজর রাখছে রেল কর্তৃপক্ষ।