‘খাম’ ফেরত পেল না ISF! কলকাতা হাইকোর্টে নওশাদ সিদ্দিকির মামলা খারিজ, ঋতব্রতদের হাতেই থাকছে ‘খাম’

breakingnews আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: ‘খাম’ প্রতীক নিয়ে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টের (ISF) দায়ের করা মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের আগে প্রতীক নিয়ে তৈরি হওয়া বিতর্কে বুধবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ জানিয়ে দেয়, নির্বাচনী প্রক্রিয়া চলার সময় এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের কারণ নেই। ফলে উপনির্বাচনে ISF-কে নির্বাচন কমিশনের দেওয়া ‘আলমারি’ প্রতীক নিয়েই লড়তে হবে।

ঘটনার সূত্রপাত নির্বাচন কমিশনের প্রতীক বরাদ্দ ঘিরে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ISF ‘খাম’ প্রতীক নিয়ে লড়েছিল। কিন্তু নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের জন্য নির্বাচন কমিশন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসকে ‘খাম’ প্রতীক বরাদ্দ করে। ISF-এর দাবি ছিল, কয়েক মাস আগেই যে প্রতীক নিয়ে তারা নির্বাচনে লড়েছে, সেই প্রতীক অন্য একটি দলকে কীভাবে দেওয়া হল। এই সিদ্ধান্তের বিরুদ্ধেই আদালতের দ্বারস্থ হয় নওশাদ সিদ্দিকির দল।

মামলার শুনানির সময় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিল আদালত। বিচারপতি কৃষ্ণা রাও জানতে চেয়েছিলেন, কমিশনের হাতে একাধিক মুক্ত প্রতীক থাকা সত্ত্বেও কেন ISF-এর ব্যবহৃত ‘খাম’ অন্য দলকে দেওয়া হল এবং ISF-এর আবেদন কীভাবে বিবেচনা করা হয়েছিল। কমিশনের তরফে অবশ্য জানানো হয়েছিল, ‘খাম’ একটি ফ্রি সিম্বল এবং কোনও রাজনৈতিক দলের ওই প্রতীকের উপর স্থায়ী মালিকানা নেই।

অন্যদিকে ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসের তরফে আদালতে জানানো হয়েছিল, কমিশনের দেওয়া একাধিক প্রতীকের মধ্যে থেকে তারা ‘খাম’ বেছে নিয়েছে। অর্থাৎ প্রতীক বরাদ্দের সিদ্ধান্তকে ঘিরে দুই পক্ষের বক্তব্য ছিল ভিন্ন।
শেষ পর্যন্ত বুধবার আদালত ISF-এর আবেদন খারিজ করে দেয়। ফলে নন্দীগ্রাম উপনির্বাচনে ISF-এর প্রতীক থাকছে ‘আলমারি’, আর ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস ‘খাম’ প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করবে।