Suvendu Adhikari: রাস মেলার আসরে বিরোধী স্বর, শুভেন্দুর নিশানায় মমতার সরকার

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের ঐতিহ্যবাহী ময়না রাজ পরিবারের শ্যামসুন্দর জিউর রাস উৎসবে রাজনৈতিক আবহে নতুন মাত্রা যোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। গত বুধবার শুরু হওয়া ৪৬৫তম বর্ষের এই প্রাচীন রাস মেলা এদিন জমজমাট হয়ে ওঠে শুভেন্দুর (Suvendu Adhikari) আগমনে। ভক্তদের সঙ্গে তিনি শ্যামসুন্দর জিউর মঙ্গল আরতিতে অংশ নেন এবং প্রার্থনা করেন এলাকার শান্তি ও সমৃদ্ধির জন্য।

আরও পড়ুন: Humayun Kabir SIR remark:‘ভাগাড়ের শকুনের মতো ছুটছে দুই দল’ তৃণমূল-বিজেপিকে একসঙ্গে নিশানা করলেন হুমায়ুন কবীর!

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বর্তমান বিধায়ক ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অশোক দিন্ডা, প্রাক্তন বিধায়ক ডা. সংগ্রাম দোলুইসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি ও প্রশাসনিক আধিকারিকরা। শুভেন্দু অধিকারীর আগমন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, শোনা যায় রাজনৈতিক স্লোগানও। অনুষ্ঠান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ফের রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। ময়না গোজিনা গ্রাম পঞ্চায়েত এলাকার একাধিক মহিলাকে ‘লক্ষীর ভাণ্ডার’ প্রকল্পের টাকা থেকে বঞ্চিত করার অভিযোগ তুলে তিনি বলেন, “লক্ষীর ভাণ্ডার সরকারি প্রকল্প, কারও ব্যক্তিগত দয়া নয়। যেসব মহিলা টাকা পাচ্ছেন না, তাদের পাওয়ার অধিকার আছে। আমি কান ধরে হলেও তাদের প্রাপ্য টাকা আদায় করব।” তিনি স্পষ্ট বার্তা দেন, “যদি ময়নার মহিলারা টাকা না পান, তাহলে আমি মেদিনীপুরের শুভেন্দু অধিকারী নই।”

বিরোধী দলনেতার দাবি, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রকল্পভিত্তিক সুবিধা বণ্টনে রাজনৈতিক পক্ষপাত দেখাচ্ছে। তিনি জানান, আগামী মঙ্গলবার বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হবে এবং এই নিয়ে প্রশাসনিক পদক্ষেপ না হলে বৃহত্তর আন্দোলনের পথে যাবে বিজেপি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল গঠনের প্রসঙ্গেও মুখ খোলেন শুভেন্দু। তার বক্তব্য, “যদি হুমায়ুন কবির (Humayun Kabir) দল গঠন করেন, তবে তার সবচেয়ে বড় ক্ষতি হবে তৃণমূল কংগ্রেসের (TMC)। আগামী দিনে তৃণমূল পার্টি হিসেবে টিকবে না। রাজ্যে সিপিএম (CPIM) কংগ্রেস জোট কিছুটা শক্তি পাবে, কিন্তু শেষ পর্যন্ত জয় বিজেপিরই হবে।”

রাজনৈতিক মহলের মতে, শুভেন্দুর এই মন্তব্য স্পষ্ট করে দিচ্ছে যে, রাজ্যের বিরোধী রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও মেদিনীপুরের ময়না উঠে এসেছে। একদিকে ভক্তি ও ঐতিহ্যের আবহে রাস মেলা, অন্যদিকে তীব্র রাজনৈতিক বার্তা দুয়ের মেলবন্ধনে আজ ময়না পরিণত হলো রাজ্যের রাজনীতির নতুন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole