নিউজ পোল ব্যুরো: হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই নাকি নির্বাচন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ পাঠাচ্ছে নির্বাচন কমিশন (Election Commission) এমনই বিস্ফোরক অভিযোগ প্রকাশ্যে আনলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishekh Banerjee)। বুধবার নিজের এক্স হ্যান্ডেলে একাধিক স্ক্রিনশট শেয়ার করে তিনি দাবি করেন, নির্বাচন পরিচালনার মতো সংবেদনশীল বিষয়ে সরকারি ও নির্ধারিত চ্যানেল এড়িয়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা হচ্ছে।
অভিষেকের (Abhishek Banerjee) অভিযোগে উঠে এসেছে বিশেষ পর্যবেক্ষক আইএএস সি মুরুগান-এর নামও। তাঁর পোস্টে অভিষেক প্রশ্ন তোলেন, দেশের সর্বোচ্চ আদালত বারবার স্বচ্ছতা, নির্দিষ্ট প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দিলেও নির্বাচন কমিশন কি সেই নির্দেশ উপেক্ষা করছে? হোয়াটসঅ্যাপের মতো বেসরকারি প্ল্যাটফর্মে নির্দেশ আদানপ্রদান কি আদৌ গ্রহণযোগ্য?
আরও পড়ুন: Supreme court: সীমান্ত সুরক্ষায় বড় বার্তা, বিএসএফ জওয়ানের শাস্তি বহাল সুপ্রীম কোর্টে!
তৃণমূল নেতার (Abhishek Banerjee) আরও দাবি, বার্থ সার্টিফিকেটের গ্রহণযোগ্যতা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশ পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হচ্ছে। এমনকি মাইক্রো অবজার্ভারদেরও সেই গ্রুপের মাধ্যমেই নির্দেশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিষেকের প্রশ্ন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে মাইক্রো অবজার্ভারদের ভূমিকা নির্ধারণ করে দিয়েছে তাহলে কেন সেই কাঠামো উপেক্ষা করা হচ্ছে এবং কার নির্দেশে?
এখানেই থামেননি তিনি। আরও গুরুতর অভিযোগ তুলে অভিষেক বলেন, জেলাভিত্তিকভাবে নিয়োগ করা রোল অবজার্ভারদের লগইন ক্রেডেনশিয়াল নাকি কলকাতা থেকে ব্যবহার করা হচ্ছে। তাঁর দাবি, এই লগইন ডেটার অপব্যবহার করে নির্দিষ্ট কিছু কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে। সবকিছুই হচ্ছে দিল্লিতে বসে থাকা নির্বাচন কমিশন-এর ‘রাজনৈতিক প্রভু’দের ইঙ্গিতে এমনটাই অভিযোগ তৃণমূলের। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা ফের একবার দেশের সর্বোচ্চ আদালতের নজরে আনার কথাও স্পষ্ট করে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
