নিউজপোল ব্যুরো: মানুষের চরম বিপদের সময়ে যে রক্ত প্রাণ বাঁচায়, সেই রক্ত নিয়েই এবার শুরু হয়েছে টাকার খেলা। রাজ্য জুড়ে ব্লাড ব্যাঙ্কগুলোর বিরুদ্ধে উঠেছে বেআইনি কারবার ও বিশাল দুর্নীতির মারাত্মক অভিযোগ। পরিস্থিতি বেগতিক দেখে একযোগে পথে নেমেছেন স্বাস্থ্য দফতরের দুর্ধর্ষ আধিকারিকরা। রাজ্যের ৬টি বড় ব্লাড ব্যাঙ্কে একযোগে হঠাৎ হানা দিয়ে তল্লাশি চালানো শুরু করেছেন তারা।এই যৌথ অভিযানের জালে ধরা পড়েছে কলকাতার নামী ওম ব্লাড ব্যাঙ্কও। শুধু রাজধানী শহরই নয়, বেলেঘাটার পাশাপাশি হাওড়া, কৃষ্ণনগর, পূর্ব বর্ধমান, রানিগঞ্জ এবং রায়গঞ্জের বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে একযোগে এই ইডি-স্টাইলে হানা চলে। পুরো ঘটনার গভীরে গিয়ে তদন্ত করছেন আধিকারিকরা।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, সরকারি দফতর বা প্রশাসনকে একদম অন্ধকারে রেখেই গোপনে বেআইনিভাবে রক্ত কেনাবেচার খেলা চলছিল এই সমস্ত জায়গায়। নিয়ম অনুযায়ী ব্লাড ব্যাঙ্কগুলোর সমস্ত হিসাব ও মজুত রক্তের তথ্য সরকারি পোর্টালে জমা দিতে হয়। কিন্তু অভিযোগ উঠেছে, প্রচুর রক্তের প্যাকেট স্বাস্থ্য দফতরের চোখ এড়িয়ে টাকার বিনিময়ে বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল। সাধারণ মানুষ যখন প্রয়োজনীয় গ্রুপের রক্তের জন্য দিশেহারা হয়ে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন, তখন রক্ত নিয়ে এই ধরণের ছিনিমিনি খেলায় ক্ষোভে ফুটছে সর্বস্তরের মানুষ।
