আমতলায় অভিষেকের অফিস ভাঙা নিয়ে হাইকোর্টে রক্ষাকবচ পেলেন অভিষেক

breakingnews আইন রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয় ভাঙা নিয়ে আইনি লড়াই এখন তুঙ্গে। বিতর্কিত ওই ভবন ভাঙার ওপর আগামী ৬ আগস্ট পর্যন্ত জরুরি স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষ স্পষ্ট জানিয়ে দেন, আপাতত ওই জায়গায় নতুন করে কোনও ভাঙচুর চালানো যাবে না। আগামী ৬ আগস্ট দুপুর ২টোয় আদালত এই হাইভোল্টেজ মামলার পরবর্তী শুনানি করবে।

এর আগে রবিবারের ছুটির দিনে বিশেষ আদালত বসিয়ে এই ভাঙার কাজে স্থগিতাদেশ দিয়েছিল হাইকোর্ট। কিন্তু মঙ্গলবার রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র আদালতে আর্জি জানান, ওই স্থগিতাদেশ যেন দ্রুত তুলে নেওয়া হয়। রাজ্যের যুক্তি ছিল, মামলাটি দায়ের করা হয়েছে ৫০৯ এবং ৫১২ নম্বর দাগের জমি নিয়ে, যেখানে পুলিশ বা প্রশাসন কোনও ভাঙার কাজই করেনি। প্রশাসন যা পদক্ষেপ করেছে তা ৫০৭ নম্বর দাগের জমিতে। তাই আগের নির্দেশ প্রত্যাহার করা উচিত।

অন্যদিকে, লিপস্ অ্যান্ড বাউন্ডসের আইনজীবী কিশোর দত্ত এবং তৃণমূলের পক্ষে আইনজীবী অয়ন ভট্টাচার্য আদালতে তীব্র আপত্তি জানান। কিশোর দত্ত সরাসরি প্রশ্ন তোলেন, জমির আসল মালিক সংস্থাকে কোনওরকম লিখিত নোটিস বা শুনানির সুযোগ না দিয়েই কীভাবে এই বুলডোজার চালানো হলো? নিয়ম অনুযায়ী, নির্মাণ বেআইনি হলেও প্রথমে মালিককে সময় দেওয়া উচিত ছিল। দাগ নম্বর সংক্রান্ত জটিলতা নিয়ে খুব শীঘ্রই লিখিত জবাব জমা দেওয়ার কথা জানিয়েছে আবেদনকারী পক্ষ।