বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহে বড় ঘোষণা, শিক্ষা নিয়ে ‘বিগত সরকারকে’ নিশানা মুখ্যমন্ত্রীর

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: আজ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মবার্ষিকী। এই উপলক্ষে পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বীরসিংহ গ্রামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি প্রথম বিদ্যাসাগর মহাশয়কে শ্রদ্ধা নিবেদন করেন। জন্মদিনের অনুষ্ঠানের মঞ্চ থেকেই ঘাটালের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়ন নিয়ে একাধিক ঘোষণা করেন তিনি।

মুখ্যমন্ত্রী বীরসিংহকে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার কথা জানান। পর্যটকদের নৈশযাপনের ব্যবস্থা, গ্রামে স্ট্রিট লাইট এবং ৩৫ লক্ষ টাকা ব্যয়ে একটি পার্ক তৈরির ঘোষণা করা হয়। পাশাপাশি বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে নতুন SCR বিল্ডিং তৈরির কথাও জানান তিনি।

আরও দেখুন:-গঙ্গাভাঙনের ধাক্কা রেলে, বদলে গেল একাধিক ট্রেনের রুট

ঘাটালের জলযন্ত্রণা মেটাতে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়েও বড় বার্তা দেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, চলতি বছরে প্রকল্পের জন্য ১,২০০ কোটি টাকা মঞ্জুর হয়েছে। কেন্দ্র ও রাজ্য সমানভাবে প্রকল্পের খরচ বহন করবে বলে জানান তিনি। আগামী বছরের জুনের মধ্যে অধিকাংশ কাজ শেষ করার লক্ষ্যমাত্রার কথাও বলেন।

শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্য শিক্ষা ক্ষেত্রে প্রথম দশের মধ্যে নেই। এর জন্য তিনি বিগত সরকারের নীতিকে দায়ী করেন। পাশাপাশি রাজ্যের পাঠাগারগুলিতে বিদ্যাসাগরের লেখা গুরুত্বপূর্ণ বই রাখার পরামর্শ দেন। শিল্প বিনিয়োগ ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন নিয়েও এদিন একাধিক বার্তা দেন মুখ্যমন্ত্রী।