বাচ্চাকে অফিসে আনা নিয়ে ঝামেলা, মুহূর্তেই রক্তাক্ত CISF ক্যাম্প! গুলিতে মৃত্যু ৪ সহকর্মীর

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো: জম্মু ও কাশ্মীরের কাঠুয়ায় CISF ক্যাম্পে ভয়াবহ ঘটনা। বাচ্চাকে অফিসে নিয়ে আসা নিয়ে সহকর্মীদের সঙ্গে ঝামেলার পরেই নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক CISF হেড কনস্টেবলের বিরুদ্ধে। ঘটনায় চার সহকর্মীর মৃত্যু হয়েছে। অভিযুক্ত জওয়ানকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনাটি কাঠুয়ার বাসোহলি এলাকার মাশকা গ্রামের Sewa-III জলবিদ্যুৎ প্রকল্পের কাছে থাকা CISF ক্যাম্পে। অভিযুক্ত হেড কনস্টেবল অবদেশ কুমার সিং এবং তাঁর স্ত্রী দু’জনেই ওই প্রকল্পে CISF কর্মী হিসেবে কাজ করেন। দু’জনেরই শিফটে ডিউটি থাকায় ছোট সন্তানকে বাড়িতে রেখে আসতে সমস্যা হত। তাই মাঝে মধ্যেই সন্তানকে সঙ্গে করে অফিসে নিয়ে আসতেন তাঁরা।

আরও দেখুন:-বিদ্যাসাগরের জন্মদিনে বীরসিংহে বড় ঘোষণা, শিক্ষা নিয়ে ‘বিগত সরকারকে’ নিশানা মুখ্যমন্ত্রীর

জানা গিয়েছে, ঘটনার দিনও সন্তানকে অফিসে নিয়ে আসা নিয়ে আপত্তি ওঠে। এই বিষয়টি নিয়ে অবদেশের সঙ্গে কয়েকজন সহকর্মীর বচসা শুরু হয়। এরপর আচমকাই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। অভিযোগ, নিজের AK-47 থেকে পরপর গুলি চালান অবদেশ। গুলিতে চার সহকর্মী গুরুতর আহত হন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি।

ঘটনার পর অভিযুক্তকে আটক করা হয় এবং তাঁর সার্ভিস রাইফেল বাজেয়াপ্ত করা হয়েছে। ঠিক কী কারণে পরিস্থিতি এতটা ভয়াবহ হয়ে উঠল, তা খতিয়ে দেখছে পুলিশ।