Maharashtra:আইফোনের বায়না থেকে মর্মান্তিক পরিণতি! পাহাড় থেকে লাফ তরুণের, বাঁচাতে গিয়ে প্রাণ গেল মা-বাবারও!

দেশ

নিউজ পোল ব্যুরো:মহারাষ্ট্রের (Maharashtra) ছত্রপতি সম্ভাজিনগরে মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া। আইফোন কিনে দেওয়ার দাবিকে কেন্দ্র করে ১৯ বছরের এক তরুণের আত্মহননের চেষ্টায় মৃত্যু হল তাঁর এবং তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন মা-বাবাও। মাত্র কয়েক সেকেন্ডের ঘটনায় একসঙ্গে নিশ্চিহ্ন হয়ে গেল একটি পরিবার। ঘটনাটির একটি ভিডিও ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:Phuchka: বিদেশেও জনপ্রিয় ফুচকা, জানেন সেখানে কোন নামে ডাকা হয় বাঙালির এই প্রিয় খাবারকে?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণের নাম কুণাল চাঁদওয়াড়ে। অভিযোগ, মা-বাবার কাছে আইফোন কিনে দেওয়ার দাবি জানিয়েছিলেন তিনি। কিন্তু পরিবার সেই দাবি মেনে না নেওয়ায় বাড়ি থেকে বেরিয়ে যান কুণাল। পরে ওয়ালুজ এমআইডিসি এলাকার একটি পাহাড়ে গিয়ে দাঁড়ান তিনি।

ছেলের পিছু নিয়ে সেখানে পৌঁছন তাঁর মা-বাবাও। কুণালকে পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দা-সহ বহু মানুষ তাঁকে ফিরে আসার জন্য অনুরোধ করতে থাকেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান সঞ্জয় যাদবও তাঁকে বোঝানোর চেষ্টা করেন। এমনকি নিজের আইফোনটি দিয়ে দেওয়ার প্রস্তাবও দেন তিনি। কিন্তু কুণাল বারবার জানাতে থাকেন, তাঁর আর কোনও সমাধান নেই।

এরপর ছেলেকে নিরাপদে সরিয়ে আনতে তাঁর বাবা ধীরে ধীরে কুণালের কাছে এগিয়ে যান। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাবার উদ্দেশ্য ছিল ছেলের হাত ধরে তাঁকে নিরাপদ জায়গায় নিয়ে আসা। কিন্তু বাবা কাছে পৌঁছতেই আচমকা পাহাড় থেকে ঝাঁপ দেন কুণাল। তাঁকে আটকাতে গিয়ে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান তাঁর বাবাও। ছেলেকে বাঁচাতে গিয়ে মা-ও নিচে পড়ে যান বলে জানা গিয়েছে।

মহারাষ্ট্রের (Maharashtra) এই ঘটনার পর পুলিশ ও উদ্ধারকারী দল খাদ থেকে তিনজনের নিথর দেহ উদ্ধার করে। কীভাবে এবং ঠিক কোন পরিস্থিতিতে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:https://youtube.com/@thenewspole

একটি মোবাইল ফোন কেনার দাবিকে কেন্দ্র করে কয়েক মুহূর্তের মধ্যে একটি পরিবারের এমন পরিণতি ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ভাইরাল ভিডিও দেখে শিউরে উঠেছেন নেটিজেনরাও। ঘটনাটি ফের মনে করিয়ে দিল, আবেগের বশে নেওয়া একটি চরম সিদ্ধান্ত কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।