নিউজপোল ব্যুরো:স্টার জলসার এই রিয়্যালিটি শো বিগ বসকে ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে প্রবল উৎসাহ। কখনও হাসি-আড্ডা, কখনও আবার তর্ক-বিতর্ক—প্রতিদিনই নতুন মোড় নিচ্ছে বিগ বসের ঘরের গল্প। এবার দিপ্যেন্দুর জন্মদিনকে কেন্দ্র করে যেমন তৈরি হল আনন্দের মুহূর্ত, তেমনই কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে গেল।
নতুন প্রোমোতে দেখা যাচ্ছে, কোনওরকম আগাম ঘোষণা ছাড়াই বিগ বসের ঘরে হাজির হয় একটি কেক। প্রথমে বিষয়টি দেখে অবাক হয়ে যান প্রতিযোগীরা। পরে জানা যায়, দিপ্যেন্দুর জন্মদিন উপলক্ষেই এই বিশেষ আয়োজন। কেক কেটে সকলকে খাওয়ান জন্মদিনের নায়ক। মুহূর্তেই ঘরে তৈরি হয় উৎসবের আবহ।
তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। রাজবীর অভিযোগ করেন, দুর্নিবার নাকি অন্যদের তুলনায় বড় টুকরো কেক নিয়েছেন। তাঁর কথায় সায় দেন জীতুও। এরপরই শুরু হয় বচসা।
অন্যদিকে, লাক্সারি বাজেট টাস্ক ‘রাজনীতি’ ঘিরেও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। পতাকা নিয়ে দুই দলের সদস্যদের মধ্যে শুরু হয় তর্কাতর্কি, যা পরে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এখন দেখার, এই অশান্তির প্রভাব বিগ বসের ঘরের সম্পর্ক ও টাস্কের ফলে কতটা পড়ে।
