সাউথ পয়েন্ট স্কুলে দুই ছাত্রের বচসা, সহপাঠীকে ছুরি দিয়ে আঘাতের অভিযোগ

breakingnews দেশ

নিউজপোল ব্যুরো:  বুধবার দুপুরে কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতি। নবম শ্রেণির এক ছাত্র তার সহপাঠীর উপর ছুরি চালায় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল চত্বরে।

জানা গিয়েছে, দুই ছাত্রের মধ্যে প্রথমে কথা বাদানুবাদ হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, হোমটাস্কের কাজে ব্যবহারের জন্য থাকা একটি ছুরি দিয়েই এক ছাত্র তার সহপাঠীর গলায় আঘাত করে। হামলার পর গুরুতরভাবে জখম হয়ে স্কুলের মধ্যেই পড়ে যায় ওই ছাত্র। চারদিকে ছড়িয়ে পড়ে রক্ত।

ঘটনার পর স্কুল কর্তৃপক্ষ দ্রুত আহত ছাত্রকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাইপাসের ধারে একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে।

ঘটনার খবর পেয়ে গড়িয়াহাট থানার পুলিশ স্কুলে পৌঁছয়। অভিভাবক, শিক্ষক এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে গোটা ঘটনার বিষয়ে তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা।