পাঁচবার ব্যর্থ হয়েও থামেননি, ষষ্ঠ চেষ্টায় UPSC-তে বাজিমাত মনস্বীর

breakingnews দেশ শিক্ষা

নিউজপোল ব্যুরো: দেশের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা UPSC সিভিল সার্ভিস। এই পরীক্ষায় কঠোর পরিশ্রম করে সাফল্য পেতে বছরের পর বছর প্রস্তুতি নিতে হয় বহু পরীক্ষার্থীকে। তবে বারবার ব্যর্থতার পরেও হাল না ছেড়ে সাফল্য ছিনিয়ে নেওয়ার গল্প মনস্বী শর্মার।

মধ্যপ্রদেশ ক্যাডারের IPS আধিকারিক মনস্বী ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মোট ছয়বার UPSC পরীক্ষায় অংশ নেন। প্রথম পাঁচবার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মেইন পরীক্ষায় পৌঁছেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি। কিন্তু ব্যর্থতাকে বাধা না বানিয়ে প্রস্তুতি চালিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ষষ্ঠ ও শেষ প্রচেষ্টায় আসে সাফল্য।

২০২২ সালের UPSC সিভিল সার্ভিস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে ১০১তম স্থান অর্জন করেন মনস্বী। এরপর IPS হিসেবে তাঁর নির্বাচন হয় এবং মধ্যপ্রদেশ ক্যাডার পান। এর আগে ২০১৯ সালে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সহকারী কমান্ড্যান্ট পরীক্ষাতেও সর্বভারতীয় স্তরে ২৮তম স্থান অর্জন করেছিলেন তিনি।

সম্প্রতি মধ্যপ্রদেশ সরকারের বদলির নির্দেশে রেওয়ার তেওনথারের SDOP পদ থেকে তাঁকে উজ্জয়িনীর অতিরিক্ত পুলিশ সুপার (ASP) পদে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁর এই যাত্রা দেখায়, বারবার ব্যর্থ হলেও লক্ষ্য স্থির রেখে চেষ্টা চালিয়ে গেলে সাফল্যের দরজা খুলতে পারে।