Kota Shrinivasa Rao: ‘সরকার’-এর ‘সিলভার মণি’ আর নেই, চলে গেলেন কোটা শ্রীনিবাস রাও

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: চলে গেলেন দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত কোটা শ্রীনিবাস রাও (Kota Shrinivasa Rao)। ৮৩ বছর বয়সে হায়দরাবাদে নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বর্ষীয়ান অভিনেতা। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।

আরও পড়ুন:Kriti Sanon: “আমার দুঃখের স্ট্রাগল স্টোরি নেই” কৃতি স্যাননের স্পষ্ট স্বীকারোক্তি ঘিরে বলিউডে চর্চা

তেলুগু ছবির মাধ্যমে অভিনয় জীবন শুরু করলেও কোটা শ্রীনিবাস রাওয়ের (Kota Shrinivasa Rao) প্রতিভা কেবল একটি ভাষায় সীমাবদ্ধ ছিল না। দীর্ঘ কেরিয়ারে তেলুগু ছাড়াও তামিল, হিন্দি, কন্নড় ও মালয়ালম ভাষার প্রায় ৭৫০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর অসাধারণ অভিনয় দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে তাঁকে ‘পদ্মশ্রী’ (Padma Shri) সম্মানে ভূষিত করে ভারত সরকার। কোটা শ্রীনিবাস রাও শুধু একজন সফল অভিনেতাই ছিলেন না, পাশাপাশি তিনি একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তিত্বও ছিলেন। অন্ধ্রপ্রদেশে বিজেপি বিধায়কও ছিলেন তিনি।

১৯৪২ সালের ১০ জুলাই অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) কৃষ্ণা জেলার কাঙ্কিপাদু গ্রামে জন্ম নেন শ্রীনিবাস। বাবা ছিলেন চিকিৎসক, ফলে ছোটবেলায় তিনিও চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু কলেজে থাকাকালীন তার নাটকের প্রতি গভীর আগ্রহ তৈরি হয়। অভিনয়ের প্রতি ভালবাসা এতটাই প্রবল ছিল যে স্টেট ব্যাঙ্কে চাকরি করার পরেও থিয়েটার ও সিনেমার টান ছাড়তে পারেননি। ১৯৭৮ সালে তেলুগু ছবি ‘প্রণাম খারিদু’তে অভিনয়ের মাধ্যমে রুপোলি পর্দায় তাঁর অভিষেক হয়। এরপর আর ফিরে তাকাতে হয়নি। বহু ছবিতে তাঁর নেতিবাচক চরিত্রের অভিনয় দর্শকদের মনে গেঁথে গেছে।

বলিউডে অমিতাভ বচ্চনের বিপরীতে ‘সরকার’ (Sarkar) ছবিতে ‘সিলভার মণি’ চরিত্রে তাঁর অভিনয় ছিল চোখে পড়ার মতো। রাম গোপাল ভার্মার (Ram Gopal Verma) পরিচালনায় তৈরি এই ছবিতে শ্রীনিবাসের আত্মবিশ্বাসী পারফরম্যান্স প্রশংসা কুড়িয়েছিল দর্শক ও সমালোচক মহলে। তাঁর মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র জগতে শোকের ছায়া নেমে এসেছে। সিনে-প্রেমীদের চোখে কোটা শ্রীনিবাস রাও (Kota Shrinivasa Rao) ছিলেন এক ‘চরিত্র অভিনেতার স্কুল’, যাঁর অভিনয় স্টাইল নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। একজন শক্তিশালী অভিনেতার অবসান হল। তবে তাঁর রেখে যাওয়া অগণিত চরিত্র ও অবদান আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT