Rajvir Death: স্ত্রীর বারণ অমান্য করে বাইকে বেরিয়ে চিরবিদায়! পাঞ্জাবি গায়ক রাজবীরের করুণ পরিণতি

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: মাত্র ৩৫ বছর বয়সেই নিভে গেল এক তরতাজা প্রতিভার জীবনপ্রদীপ। পাঞ্জাবি গায়ক রাজবীর (Rajvir Death)‌-এর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে গোটা সংগীতমহলে। মাত্র কয়েক দিন আগে সাধের ৩১ লক্ষ টাকার বিএমডব্লিউ বাইক কিনেছিলেন তিনি। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে সেই বাইক নিয়েই বেরিয়েছিলেন শিমলার পথে রোড ট্রিপে। কিন্তু স্ত্রীর অনুরোধ সত্ত্বেও থামেননি রাজবীর। স্ত্রী শতবার বারণ করেছিলেন “বিপদ হবে, যেও না।” অথচ নিয়তির পরিহাস, সত্যিই বিপদ এসে গ্রাস করল তাঁকে।

আরও পড়ুন:Kantara Chapter 1: ছ’দিনেই ৫০০ কোটির ঘরে ‘কান্তারা: চ্যাপটার ১’! দক্ষিণী ছবির সাফল্যের নতুন অধ্যায়

ঘটনা ২৭ সেপ্টেম্বরের। হিমাচলের বদ্দি অঞ্চলের পাহাড়ি রাস্তায় হঠাৎই রাজবীরের (Rajvir Death) বাইকের সামনে চলে আসে একটি গরু। দ্রুতগামী বাইক নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন তিনি। গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি সোলান ভ্যালির এক হাসপাতালে ভর্তি করা হয়, পরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় মোহালির এক বেসরকারি হাসপাতালে। জানা যায়, শিরদাঁড়ায় ভয়াবহ চোট এবং মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণের কারণে তাঁর শারীরিক অবস্থা ছিল আশঙ্কাজনক। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও শেষ পর্যন্ত ১২ দিনের লড়াই শেষে বুধবার না ফেরার দেশে চলে গেলেন রাজবীর (Rajvir Death)।

রাজবীরের প্রয়াণে শোকস্তব্ধ তাঁর সহকর্মীরা। দিলজিৎ দোসাঞ্ঝ, অ্যামি ভির্ক থেকে শুরু করে অসংখ্য শিল্পী শোকবার্তা জানিয়েছেন। বৃহস্পতিবার পাঞ্জাবের পুনা গ্রামে হবে তাঁর শেষকৃত্য। গায়ক ছাড়াও অভিনেতা হিসেবেও পরিচিত ছিলেন রাজবীর। ‘সুবেদার যোগিন্দর সিং’ ও ‘জিন্দ জান’-এর মতো আঞ্চলিক ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুড়িয়েছিল। তাঁর জনপ্রিয় গান ‘কঙ্গানি’ ও ‘চাকভি মন্দির’ আজও দর্শকের মনে অমলিন।

রাজবীরের (Rajvir Death) মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে তাঁর শেষ ভিডিও, যেখানে দেখা যাচ্ছে ৩১ লক্ষ টাকার BMW R1250 বাইকে খোশমেজাজে স্টান্ট করছেন তিনি। সেই ভিডিও দেখে চোখে জল এসেছে অনুরাগীদের। কেউ লিখেছেন, “ভারতের রাস্তাই কেড়ে নিল আর এক প্রতিভাকে।” কেউ আবার সতর্কবার্তা দিয়েছেন, “যত দামি যানই হোক, রাস্তা নিরাপদ না হলে জীবন নিরাপদ নয়।” আজ পাঞ্জাবের আকাশ যেন ভারী হয়ে উঠেছে এক অকালে নিভে যাওয়া স্বরের শোকে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole