Payel Sarkar: “বহু অনুষ্ঠানে ডাকই পেতাম না, লুকসেটে যাওয়ার আগেই বাদ পড়েছি”: টলিউড নিয়ে বিস্ফোরক পায়েল

পেজ 3

নিউজ পোল ব্যুরো: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকেই টলিউডে নতুন সমীকরণ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। কাজ পাওয়া, অনুষ্ঠান থেকে বাদ পড়া কিংবা রাজনৈতিক মতাদর্শের কারণে শিল্পীদের প্রতি আচরণ বদলের অভিযোগও উঠছে বারবার। এই পরিস্থিতিতেই মুখ খুললেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিউডের অভিজ্ঞতা নিয়ে অকপট মন্তব্য করেছেন তিনি।

আরও পড়ুন:Abir Chatterjee: নতুন সরকারের কাছে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের দাবি টলিউডের, মুখ খুললেন আবির-অর্জুন

কিছু দিন আগে ‘সপ্তডিঙার গুপ্তধন’ ছবির বিশেষ প্রদর্শনীতে দেখা গিয়েছিল পায়েলকে (Payel Sarkar)। সাধারণত এ ধরনের ফিল্মি অনুষ্ঠানে তাঁকে খুব একটা দেখা যায় না। রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি কি বদলেছে? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, আচরণে কিছুটা পরিবর্তন তিনি লক্ষ্য করেছেন ঠিকই, তবে সব অনুষ্ঠানে তাঁকে আগেও যে আমন্ত্রণ জানানো হত, এমন নয়। আবার অনেক সময় নিজের ব্যস্ততার কারণেও যাওয়া হয়ে ওঠেনি। তবে এমন বহু অনুষ্ঠান রয়েছে, যেখানে তাঁকে ডাকাই হয়নি বলে দাবি করেন তিনি।

শুধু অনুষ্ঠান নয়, কাজের ক্ষেত্রেও একই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে বলে জানান পায়েল। অভিনেত্রীর কথায়, শিল্পের সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক থাকা উচিত নয়। কিন্তু বাস্তবে বহু বার এমন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, যখন কাজের বিষয়ে কথা প্রায় চূড়ান্ত হওয়ার পরেও হঠাৎ তাঁকে বাদ দেওয়া হয়েছে। কখনও লুকসেটে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোচ্ছেন, আবার কখনও আলোচনা করতে যাচ্ছেন— ঠিক সেই সময় ফোন করে জানানো হয়েছে পরে যোগাযোগ করা হবে। পরে তিনি জানতে পেরেছেন, তাঁর জায়গায় অন্য কাউকে নেওয়া হয়েছে।

কিছু দিন আগে টলিপাড়ায় গুঞ্জন ছড়িয়েছিল, পায়েল নাকি অত্যন্ত বেশি পারিশ্রমিক দাবি করছেন। সেই কারণেই নাকি তাঁকে অনেক ছবিতে নেওয়া সম্ভব হচ্ছে না। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। তাঁর বক্তব্য, পারিশ্রমিক নিয়ে আলোচনা পর্যন্ত পৌঁছনোর আগেই তাঁকে অনেক সময় বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি এ-ও বলেন, ২০১৬ সালে যে পারিশ্রমিক পেতেন, বর্তমান সময়ে একই অঙ্কে কাজ করা সম্ভব নয়।

রাজনীতির প্রভাব শিল্পমহলে না পড়াই উচিত বলে মনে করেন পায়েল। তাঁর মতে, শিল্পীদের মূল্যায়ন হওয়া উচিত কাজের ভিত্তিতে, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়। ভবিষ্যতে তিনি সক্রিয় রাজনীতিতে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনই স্পষ্ট কিছু বলতে চাননি অভিনেত্রী। সময়ই সেই উত্তর দেবে বলে জানিয়েছেন তিনি।

রাজনৈতিক পালাবদলের পর টলিউডের অন্দরমহলে যে পরিবর্তনের হাওয়া বইছে, পায়েলের বক্তব্য সেই আলোচনাকে আরও উসকে দিল বলেই মনে করছেন অনেকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole