নিউজ পোল ব্যুরো: বেটিং কেলেঙ্কারির তদন্ত ঘিরে টলিউডে একের পর এক নাম উঠে আসছে। সোমবারই ইডি দফতরে হাজিরা দেন সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। তার পরদিন মঙ্গলবার হাজিরা দিলেন অভিনেতা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)। দিল্লির ইডি অফিসে পৌঁছন অভিনেতা। সমন পাওয়ার পর থেকে যদিও এ ব্যাপারে মুখ খুলতে নারাজ তিনি। সংবাদমাধ্যমের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন বারবার। মঙ্গলবার ইডি দফতর থেকে বেরিয়েও মুখে কুলুপ আঁটলেন অভিনেতা। ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনও উত্তর মেলেনি। তবে তাঁর নীরবতা ভেঙে মুখ খুললেন প্রিয় বান্ধবী ও অভিনেত্রী ঐন্দ্রিলা সেন (Oindrila Sen)। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এখনই বিষয়টি নিয়ে আমরা কিছু বলতে চাই না। আমাদের একটু সময় দিন। দয়া করে সহযোগিতা করুন। সঠিক সময়ে নিশ্চয়ই আমরা সাংবাদিকদের সঙ্গে কথা বলব।’’
আরও পড়ুন:
সূত্রের খবর, বেটিং কেলেঙ্কারিতে আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য খুঁজছে ইডি। অঙ্কুশ হাজরাকে (Ankush Hazra) এদিন দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঠিক কী প্রশ্ন করা হয়েছে, বা কী উত্তর দিয়েছেন তিনি তা অবশ্য এখনও পর্যন্ত সরকারি ভাবে জানানো হয়নি। ইডি-র তরফেও এ নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে জানা গিয়েছে, তদন্তের স্বার্থে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও আর্থিক লেনদেনের খুঁটিনাটি খতিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে তাঁকে আরও একবার ডেকে পাঠানো হতে পারে বলেও খবর।
প্রসঙ্গত, টলিউডের একাধিক তারকার নাম উঠে এসেছে এই বেটিং চক্রে। ইডি ইতিমধ্যেই বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছে। এর আগে মিমি চক্রবর্তীকে প্রায় চার ঘণ্টা ধরে জেরা করা হয়। তাঁর পরদিনই হাজিরা দিলেন অঙ্কুশ (Ankush Hazra)। এই কেলেঙ্কারিতে বিনোদন জগতের একাধিক পরিচিত মুখ জড়িয়ে পড়ায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক কীভাবে অভিনেতাদের নাম জড়াল, তাঁদের ভূমিকা কতটা, সেই উত্তরই খুঁজছে ইডি।
অভিনেতার ভক্তরাও উদ্বেগে রয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নানা আলোচনা চলছে। কেউ কেউ সমর্থন করছেন অভিনেতাকে, আবার অনেকে প্রশ্ন তুলছেন। তদন্তের গতি যত বাড়ছে, ততই স্পষ্ট হচ্ছে টলিউডে বড়সড় নাড়াচাড়া ফেলতে চলেছে এই বেটিং কেলেঙ্কারি। এখন দেখার বিষয়, পরবর্তী পদক্ষেপে আর কাদের নাম সামনে আসে এবং এই তদন্ত শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
