Arijit Singh: ভোট দিয়ে বললেন অরিজিৎ- “আমি নেতা নই”! হাসিতেই মাতালেন সকলকে

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: ভোট দিলেন, বার্তা নয়, হাসিতেই জবাব অরিজিতের (Arijit Singh) বছরের শুরুতেই প্লেব্যাক থেকে অবসর ঘোষণার খবর ছড়িয়ে দিয়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন অরিজিৎ সিং। সেই ঘোষণার পর থেকেই তাঁকে ঘিরে জল্পনা থামেনি। কখনও শোনা গিয়েছে, তাঁকে আবার গানে ফেরাতে চেষ্টা করছেন আমির খান-এর মতো তারকারা, কখনও আবার টলিউডের নামী পরিচালকদের যাতায়াত নিয়েও চর্চা হয়েছে। এর মাঝেই নতুন করে গুঞ্জন ছড়ায় রাজনীতির ময়দানে নামতে পারেন অরিজিৎ, এমনকি নিজেই নাকি দল গড়ার ভাবনাও রয়েছে তাঁর। যদিও সেই জল্পনায় আপাতত জল ঢেলেছেন গায়ক নিজেই।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের প্রথম দফার বিধানসভা নির্বাচনে সস্ত্রীক ভোট দিতে দেখা গেল অরিজিৎকে (Arijit Singh)। মুর্শিদাবাদের জিয়াগঞ্জ শহরের প্রীতম সিং প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন তিনি। সাদামাটা সাজেই ধরা দিলেন গায়ক নীল রঙের শর্ট কুর্তা, মাথায় বাঁধা বান্ডানা, আর মুখভরা সেই চেনা হাসি। তাঁর উপস্থিতি ঘিরে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভোট দিয়ে বেরোতেই সাংবাদিকদের ভিড়ে পড়েন অরিজিৎ (Arijit Singh)। অনুরাগীদের উদ্দেশে বিশেষ বার্তা চাইতেই হেসে ফেলেন তিনি। একেবারে স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেন, “এই তো ভোট দিলাম। এবার আর কী বার্তা দেব! আমি তো নেতা নই।” তাঁর এই সহজ, নির্ভেজাল প্রতিক্রিয়াই মুহূর্তে মন কেড়ে নেয় সকলের।

রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে জল্পনা যতই ঘুরপাক খাক, আপাতত সেইসব থেকে নিজেকে দূরেই রাখছেন অরিজিৎ (Arijit Singh)। বরং একজন সাধারণ নাগরিক হিসেবে নিজের ভোটাধিকার প্রয়োগ করেই যেন বার্তা দিলেন তিনি দায়িত্ব আগে, বিতর্ক পরে। তাঁর হাসি আর সরল জবাবেই যেন স্পষ্ট, আলোচনার কেন্দ্রে থেকেও তিনি এখনও সেই মাটির কাছাকাছি মানুষটাই রয়ে গিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole