Ram Charan: সন্ধ্যা ছ’টার পরে ফোন বন্ধ! শৃঙ্খলিত জীবনযাপনই রাম চরণের সাফল্যের মন্ত্র

পেজ 3

নিউজ পোল ব্যুরো: দক্ষিণী ছবির জনপ্রিয় তারকা রাম চরণ (Ram Charan) আজ শুধু দক্ষিণের নন, গোটা দেশের অন্যতম ব্যস্ত অভিনেতাদের একজন। ‘মগধীরা’, ‘ধ্রুব’ থেকে শুরু করে ‘আরআরআর’— পর্দায় তাঁর উপস্থিতি মানেই অভিনয়ের জাদু। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবনযাপন ও নিয়মশৃঙ্খলাও অনুপ্রেরণা হয়ে উঠেছে বহু অনুরাগীর কাছে। সেই কারণেই সন্ধ্যা ছ’টার পরে নিজের মোবাইল ফোন পুরোপুরি বন্ধ করে দেন তিনি— এবং এই অভ্যাসের পেছনে রয়েছে বিশেষ দর্শন।

আরও পড়ুন:Kaalratri Season 2 : ‘কালরাত্রি’ সিজন ২, সৌমিতৃষা কুণ্ডুর চ্যালেঞ্জ ও দর্শকের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি

২০১৩ সালে ‘জ়ঞ্জির’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রাম চরণ (Ram Charan)। তবে দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই তিনি মূলত কাজ করতে বেশি স্বচ্ছন্দ। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, জীবনে সফল হতে গেলে শুধু পরিশ্রম নয়, প্রয়োজন সঠিক সময় ব্যবস্থাপনা ও পরিবারকে সময় দেওয়া। নিজের ভাষায় রাম চরণ বলেন, “আমি সকাল আটটা থেকে সন্ধ্যা ছ’টা পর্যন্ত কাজ করি। তার পরে ফোন সম্পূর্ণ বন্ধ করে দিই। ওই সময়টা আমার পরিবার ও নিজের জন্য।” তিনি মনে করেন, সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকলে জীবন থেকে স্বাভাবিক আনন্দ হারিয়ে যায়।

রাম চরণের পরিবারও বহু বছর ধরে জড়িত বিনোদন জগতের সঙ্গে। তবুও তিনি চান না কাজ তাঁর ব্যক্তিগত জীবনের উপর ছায়া ফেলুক। তাই সন্ধ্যার পর ফোনে কাজের বার্তা, কল বা চ্যাট— কোনও কিছুরই উত্তর দেন না। নিজের জন্য সময় বের করা, পরিবারের সঙ্গে সময় কাটানো এবং মন-শরীরকে বিশ্রাম দেওয়া— এইগুলিকেই গুরুত্ব দেন তিনি।

শুধু কাজের সময় নয়, খাদ্যাভ্যাসেও রয়েছে তাঁর দৃঢ় নিয়ম। অভিনেতার স্ত্রী উপাসনা জানিয়েছেন, দেশে বা বিদেশে যেখানেই থাকুন না কেন, রাতের খাবারে খিচুড়ি পেলেই খুশি রাম। সন্ধ্যা ছ’টার মধ্যেই রাতের খাবার সেরে ফেলেন তিনি। সকালে দিন শুরু হয় এক গ্লাস দুধ দিয়ে। অতিরিক্ত জটিল খাবারের প্রতি তাঁর বিশেষ ঝোঁক নেই। সরল জীবনযাপনই তিনি পছন্দ করেন।

ফিটনেস নিয়েও খুব সচেতন রাম চরণ। নিয়মিত ব্যায়াম, পর্যাপ্ত ঘুম এবং নিয়মতান্ত্রিক রুটিন— এগুলিই তাঁর শক্তির রহস্য। তাঁর বক্তব্য, “সাফল্য শুধু প্রতিভা দিয়ে আসে না, আসে শৃঙ্খলা দিয়ে।” বর্তমানে তিনি তাঁর পরবর্তী ছবি ‘পেড্ডি’র প্রস্তুতিতে ব্যস্ত। এই ছবিতে তাঁর বিপরীতে থাকবেন জাহ্নবী কপূর এবং মার্চ মাস থেকে শুরু হবে শুটিং।

রাম চরণ শুধু সফল অভিনেতা নন, অনেকের কাছে অনুপ্রেরণার নাম। কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রাখতে যে শৃঙ্খলার প্রয়োজন— সেই বার্তাই তাঁর জীবনযাপন স্পষ্ট করে দেয়। সন্ধ্যা ছ’টার পরে ফোন বন্ধ রাখার অভ্যাস আজ তাঁর ব্যক্তিগত শান্তি ও পারিবারিক সুখের অন্যতম চাবিকাঠি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole