Hrithik Roshan: ৫২-এও ফিটনেস আইকন! বিলাসবহুল বাড়ি–গাড়ি, ব্যবসা মিলিয়ে হৃতিকের মোট সম্পত্তির পরিমাণ কত?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডের জনপ্রিয় নায়ক হৃতিক রোশন (Hrithik Roshan) শুধু রূপোলি পর্দায় সফল নন, ব্যক্তিগত সম্পত্তি ও ব্যবসার নিরিখেও তিনি আজ ইন্ডাস্ট্রির প্রথম সারির ধনী তারকাদের মধ্যে অন্যতম। ৫২ বছরে পা দিলেন অভিনেতা, কিন্তু বয়স যেন তাঁর কাছে শুধু একটা সংখ্যা। ফিট শরীর, ঝকঝকে নাচের পারদর্শিতা এবং ধারাবাহিক হিট ছবির দৌলতে এখনও সমান জনপ্রিয় তিনি।

আরও পড়ুন:Kaalratri Season 2 : ‘কালরাত্রি’ সিজন ২, সৌমিতৃষা কুণ্ডুর চ্যালেঞ্জ ও দর্শকের প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি

হৃতিকের (Hrithik Roshan) ক্যারিয়ারের শুরুতেই দর্শকের মন জয় করেছিলেন। সময়ের সঙ্গে সঙ্গে কাজের পরিমাণ কমালেও জনপ্রিয়তার গ্রাফ কখনও নিচে নামেনি। বর্তমানে বছরে একটির বেশি ছবিতে অভিনয় করেন না তিনি। বলিউড সূত্রের দাবি, তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৩১০১ কোটি টাকা। অভিনয়ের পারিশ্রমিক, বিজ্ঞাপন, ব্যবসা—সব মিলিয়েই তৈরি হয়েছে এই বিপুল সম্পদ।

প্রতিটি ছবির জন্য ৭৫ থেকে ১০০ কোটি টাকা পর্যন্ত নেন হৃতিক। ২০২৪ সালে ‘ফাইটার’ ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে তাঁর জুটি বক্সঅফিস কাঁপিয়েছিল। এরপর ২০২৫ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার ২’। বড়পর্দায় কাজের পাশাপাশি একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ তিনি। বিজ্ঞাপনপ্রতি তাঁর পারিশ্রমিক গড়ে ১০ থেকে ১২ কোটি টাকা। এর সঙ্গে যুক্ত হয়েছে সমাজমাধ্যমে প্রচারের আয়—একেকটি পোস্ট থেকেই কয়েক কোটি টাকা উপার্জন করেন অভিনেতা।

শুধু অভিনয় নয়, নিজের ফিটনেস-লাইফস্টাইল ব্র্যান্ডের মাধ্যমেও চমৎকার আয় করেন হৃতিক। এই ব্র্যান্ডের ব্যবসা গত অর্থবর্ষে দ্রুত বৃদ্ধি পেয়েছে। পোশাক, ফিটনেস সরঞ্জাম এবং অ্যাকসেসরিজ—সব মিলিয়ে ব্র্যান্ডটি আজ বাজারে সুপ্রতিষ্ঠিত।

সম্পত্তির তালিকায় রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি। মুম্বইয়ের জুহু এলাকায় তাঁর একটি ডুপ্লে পেন্টহাউস রয়েছে, যার দাম প্রায় ৯৭ কোটি টাকা। জুহু-ভারসোভা লিঙ্ক রোডের কাছেও তাঁর আরও এক পেন্টহাউস রয়েছে, যার আনুমানিক মূল্য ৬৭.৫ কোটি। শহরের বাইরে লোনাভালায় সাত একর জমির উপর বিস্তীর্ণ একটি খামারবাড়িও কিনেছেন তিনি—সেটি আজ তাঁর প্রিয় নির্জন আশ্রয়স্থল।

গাড়িপ্রেমের জন্যও বিখ্যাত হৃতিক। তাঁর সংগ্রহে রয়েছে বিএমডব্লিউ, মার্সিডিজ়, মাস্টাং-সহ একাধিক দামি ব্র্যান্ডের গাড়ি। ছবির শুটিংয়ে যাতায়াতের জন্য ব্যক্তিগত ভ্যানিটি ভ্যান ব্যবহার করেন তিনি, যা তারকাসুলভ বিলাসের অনন্য নিদর্শন।

আজ ৫২ বছর বয়সেও হৃতিকের ঝকঝকে ব্যক্তিত্ব ও ফিট শরীর নতুন প্রজন্মের অনুপ্রেরণা। বয়স বাড়ছে ঠিকই, কিন্তু তার সঙ্গে পাল্লা দিয়ে যেন বাড়ছে সাফল্য এবং সম্পত্তির অঙ্ক—বলিউডের ‘গ্রিক গড’ এখনও সমান উজ্জ্বল।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole