Mamata Banerjee : SIR-র পরও ৯০% ভোট, ‘অধিকার রক্ষার লড়াই’! চৌরঙ্গীর সভা থেকে মমতার হুঙ্কার

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: এ বারের ভোটকে বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই হিসেবেই তুলে ধরলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। চৌরঙ্গীর জনসভা থেকে তিনি দাবি করেন, এসআইআর (SIR) প্রক্রিয়ায় বহু নাম বাদ পড়ার পরও রাজ্যজুড়ে বিপুল হারে ভোটদান প্রমাণ করছে মানুষ নিজেদের অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। চৌরঙ্গী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী নয়না বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, ‘এত বাধা সত্ত্বেও মানুষ ভোট দিয়েছেন। কারণ তারা জানেন, এই ভোট শুধুই সরকার গঠনের জন্য নয়, নিজেদের অধিকার বাঁচানোর লড়াই।’ তার দাবি, এসআইআরের পরও প্রায় ৯০ শতাংশ ভোট পড়া সাধারণ মানুষের সচেতনতারই প্রতিফলন। এদিন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে তিনি এনআরসি (NRC) প্রসঙ্গও তোলেন। মমতার অভিযোগ, ভবিষ্যতে এনআরসি চালুর পরিকল্পনা রয়েছে, আর সেই আশঙ্কাই মানুষকে আরও বেশি করে ভোটমুখী করেছে।

আরও পড়ুন: Election Commission : ভোটের আগে বাইক নিষেধাজ্ঞা নিয়ে হাইকোর্টের প্রশ্ন, কমিশনকে কড়া ভর্ৎসনা বিচারপতির

এছাড়াও মহিলা সংরক্ষণ ইস্যুতে তিনি নতুন করে বিতর্ক উস্কে দেন। তার বক্তব্য, কেন্দ্র সরকার মহিলা সংরক্ষণের আড়ালে আসন পুনর্বিন্যাসের পরিকল্পনা করছে। তিনি (Mamata Banerjee) বলেন, ‘আগামী নির্বাচনে পরাজয়ের আশঙ্কায় ওরা এই পদক্ষেপ নিতে চাইছে। লোকসভার আসন সংখ্যা ৫৪৩ থেকে বাড়িয়ে ৮৫০ করার পরিকল্পনাও ছিল, কিন্তু আমরা তা রুখে দিয়েছি।’ যদিও তিনি স্পষ্ট করেন, মহিলা সংরক্ষণের পক্ষে তার দল সর্বদাই সমর্থন জানিয়েছে। এদিকে প্রথম দফার ভোটগ্রহণ মোটের উপর শান্তিপূর্ণ হলেও কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে। বীরভূমের দুবরাজপুরের খয়রাশোল ব্লকের একটি বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ ওঠে, নির্দিষ্ট বোতাম টিপলেও অন্য দলে ভোট চলে যাচ্ছে। এর জেরে কিছু সময়ের জন্য ভোটগ্রহণ বন্ধ থাকে এবং বিক্ষোভ শুরু হয়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:-https://youtube.com/@thenewspole

অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক বুথে প্রিসাইডিং অফিসারসহ কর্মীদের অনুপস্থিতি নিয়েও চাঞ্চল্য তৈরি হয়। যদিও প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া প্রথম দফার নির্বাচন মোটের উপর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে মনে করা হচ্ছে।