নিউজ পোল ব্যুরো: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড়ের ক্ষয়, জোড়ে ব্যথা কিংবা পেশির দুর্বলতার মতো সমস্যা অনেকেরই দেখা দেয়। কিন্তু বেশির ভাগ মানুষই শরীরের অন্য অসুখ নিয়ে যতটা সচেতন, হাড়ের যত্নে ততটা মন দেন না। অনিয়মিত জীবনযাপন, শরীরচর্চার অভাব, অতিরিক্ত ভাজাভুজি খাওয়া কিংবা ধূমপানের মতো অভ্যাস হাড়ের ক্ষতির অন্যতম কারণ। চিকিৎসকদের মতে, হাড় সুস্থ রাখতে রোজের খাদ্যতালিকায় পর্যাপ্ত ক্যালশিয়াম থাকা অত্যন্ত জরুরি। আর সেই ক্যালশিয়ামের ঘাটতি পূরণে গরুর দুধের বদলে রাগির দুধ (Ragi Milk) হতে পারে দারুণ বিকল্প।
আরও পড়ুন:Healthy Lifestyle : কাঁচা স্প্রাউট খাওয়ার আগে জেনে নিন পুষ্টিবিদ খুশি ছাবরার সতর্কতা
অনেকেরই ল্যাকটোজ অ্যালার্জি বা দুধ হজমের সমস্যা থাকে। তাঁদের জন্য উদ্ভিজ্জ দুধ এখন জনপ্রিয় বিকল্প। পুষ্টিবিদদের দাবি, রাগিতে সাধারণ দুধের তুলনায় বেশি ক্যালশিয়াম রয়েছে। ১০০ গ্রাম রাগি থেকে প্রায় ৩০০ থেকে ৩৫০ মিলিগ্রাম পর্যন্ত ক্যালশিয়াম পাওয়া যেতে পারে। তাই শিশু থেকে বয়স্ক— সকলের জন্যই রাগি অত্যন্ত উপকারী খাদ্য।
শুধু হাড় নয়, দাঁত মজবুত রাখতেও রাগির ভূমিকা গুরুত্বপূর্ণ। এ ছাড়া এতে থাকা আয়রন শরীরে রক্তস্বল্পতার ঝুঁকি কমাতে সাহায্য করে। রাগিতে থাকা ভিটামিন সি আবার শরীরে আয়রন শোষণেও সহায়তা করে। পাশাপাশি রাগিতে রয়েছে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট ও অ্যামিনো অ্যাসিড, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। অন্ত্রের স্বাস্থ্য ভাল রাখা এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতেও রাগি কার্যকর।
বাড়িতেই সহজে তৈরি করা যায় রাগির দুধ। প্রথমে এক কাপ রাগি ভাল করে ধুয়ে ১০ থেকে ১২ ঘণ্টা জলে ভিজিয়ে রাখতে হবে। তার পরে জল ঝরিয়ে সুতির কাপড়ে মুড়ে গরম জায়গায় ২৪ থেকে ৩৬ ঘণ্টা রেখে দিলে রাগি থেকে অঙ্কুর বেরোবে। এই অঙ্কুরিত রাগিতে পুষ্টিগুণ আরও বেড়ে যায় এবং তা হজম করাও সহজ হয়।
এর পরে অঙ্কুরিত রাগির সঙ্গে আধ কাপ নারকেল ও পরিমাণমতো জল মিশিয়ে মিক্সিতে ভাল করে বেটে নিতে হবে। নারকেল শরীরে স্বাস্থ্যকর ফ্যাটের জোগান দেয় এবং পুষ্টি শোষণে সাহায্য করে। মিশ্রণটি সুতির কাপড়ে ছেঁকে নিলেই তৈরি হয়ে যাবে রাগির দুধ (Ragi Milk)। তবে এই দুধ কাঁচা খাওয়া উচিত নয়। ভাল করে ফুটিয়ে নিয়ে তবেই পান করা ভাল। স্বাদ বাড়াতে সামান্য গুড় কিংবা এলাচগুঁড়ো মেশানো যেতে পারে।
সকালে খালি পেটে এই দুধ খেলে শরীরে শক্তি বাড়ে এবং দীর্ঘ দিন হাড় সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় রাগির দুধ রাখলে শরীরের একাধিক উপকার মিলতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
