নিউজ পোল ব্যুরো: গরম পড়তেই বাজারে উঠেছে নানা ধরনের আম। ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ কিংবা ফজলি, রসালো আমের (Mango) লোভ সামলানো কঠিন। তাই অনেকেই একসঙ্গে বেশ কিছু আম কিনে বাড়িতে মজুত রাখছেন। কিন্তু সমস্যা হচ্ছে অন্য জায়গায়। বাজার থেকে আনার মাত্র দু’-তিন দিনের মধ্যেই আম নরম হয়ে যাচ্ছে, বোঁটার কাছে কালচে দাগ পড়ছে, এমনকি ফ্রিজে রাখার পরেও ফল দ্রুত নষ্ট হয়ে যাচ্ছে। আসলে কিছু সাধারণ ভুলের কারণেই আমের স্বাদ ও গুণ নষ্ট হয়ে যেতে পারে।
আরও পড়ুন:Cooking Tips: নিখুঁত ফোড়নের রহস্য জানেন? এই কৌশলেই মিলবে সেরা স্বাদ
বিশেষজ্ঞদের মতে, আম সব সময় ফ্রিজে রেখে সংরক্ষণ করা ঠিক নয়। বিশেষ করে আধপাকা আম (Mango) কখনওই ফ্রিজে রাখা উচিত নয়। এতে আম স্বাভাবিক ভাবে পাকতে পারে না এবং তার স্বাদও কমে যায়। বরং ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেই আম রেখে পাকানো ভাল। অনেকেই আম কিনে এনে সঙ্গে সঙ্গে ধুয়ে ফ্রিজে তুলে দেন। এই অভ্যাসও ভুল। আগে থেকে ধুয়ে রাখলে আমের গায়ে জল থেকে যায়, যার ফলে দ্রুত পচন ধরতে পারে। খাওয়ার আগে কিছুক্ষণ জলে ভিজিয়ে ধুয়ে নেওয়াই সবচেয়ে ভাল উপায়।
আরও একটি বড় ভুল হল প্লাস্টিকের ব্যাগে আম সংরক্ষণ করা। প্লাস্টিকের ভিতরে বাতাস চলাচল করতে না পারায় আর্দ্রতা জমে যায় এবং ফল দ্রুত নষ্ট হয়। তাই কাপড়ের ব্যাগ, ঝুড়ি কিংবা খবরের কাগজে মুড়ে রাখা অনেক বেশি কার্যকর। অনেকে আধপাকা আম বস্তার ভিতরে কিংবা বিছানার তলায় রেখে দেন। এই পদ্ধতিতে আম স্বাভাবিক ভাবেই ধীরে ধীরে পাকে এবং দীর্ঘ দিন ভাল থাকে।
পাকা আম খেতে ঠান্ডা ভাল লাগলে, খাওয়ার আধ ঘণ্টা বা এক ঘণ্টা আগে ফ্রিজে রাখতে পারেন। তবে দীর্ঘ সময় ফ্রিজে রেখে দিলে ফলের স্বাভাবিক গন্ধ ও স্বাদ কমে যেতে পারে। পাশাপাশি খেয়াল রাখতে হবে, আমের উপর যেন সরাসরি রোদ না পড়ে। রোদে থাকলে ফল দ্রুত নরম হয়ে যায় এবং পচে যাওয়ার আশঙ্কা বাড়ে।
সব আম একসঙ্গে না রাখাও জরুরি। বেশি পাকা আম থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়, যা আশপাশের অন্য আমগুলিকেও দ্রুত পাকিয়ে দেয়। ফলে সব ফল একসঙ্গে নষ্ট হওয়ার সম্ভাবনা বাড়ে। তাই বেশি পাকা আম আলাদা করে রাখাই বুদ্ধিমানের কাজ।
সঠিক উপায়ে সংরক্ষণ করলে আম অনেক বেশি দিন টাটকা ও সুস্বাদু রাখা সম্ভব। কয়েকটি ছোট ভুল এড়ালেই গরমের এই প্রিয় ফলের স্বাদ উপভোগ করা যাবে দীর্ঘ দিন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
