নিউজ পোল ব্যুরো: ওজন কমানোর জন্য অনেকেই ডায়েট প্ল্যানে বাদাম রাখেন। বাদামে (Nuts) থাকা স্বাস্থ্যকর ফ্যাট, ফাইবার ও প্রোটিন শরীরের জন্য উপকারী। তবে ভুল সময়ে কিংবা অতিরিক্ত বাদাম খেলে তা উপকারের বদলে ক্ষতিও করতে পারে। কোন বাদাম কখন ও কীভাবে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যাবে, তা জেনে রাখা প্রয়োজন।
আরও পড়ুন: weight loss: দ্রুত ওজন কমাতে সকালে খান এই জিনিসগুলি
কাঠবাদাম
কাঠবাদামে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যা ক্ষুধা নিয়ন্ত্রণ করে ও অনাহুত খাবার খাওয়ার ইচ্ছা কমায়। এতে থাকা ফাইবার ও প্রোটিন হজমের গতি ধীর করে ও পেট দীর্ঘক্ষণ ভর্তি রাখে। এছাড়াও এটি একটি ভালো অ্যান্টিঅক্সিড্যান্ট। কাঠবাদাম খাওয়ার সঠিক সময় হল সকালবেলা খালি পেটে। প্রতিদিন ৩-৪টি কাঠবাদাম ভিজিয়ে খেলে উপকার পাওয়া যায়।
পাইন নাট
পাইন নাটে পিনোলেনিক অ্যাসিড থাকে, যা খিদে কমায় ও দ্রুত চর্বি ঝরাতে সাহায্য করে। এটি সকাল ১০টা থেকে ১১টার মধ্যে, মানে মিড-মর্নিং স্ন্যাকস হিসেবে খাওয়া সবচেয়ে ভালো।
আখরোট
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ আখরোট প্রদাহ কমায় ও বিপাক ক্রিয়া উন্নত করে। এটি ঘুম ভালো করতে সাহায্য করে এবং ক্লান্তি দূর করে। তাই আখরোট খাওয়ার আদর্শ সময় হল বিকেলবেলা।
কাজুবাদাম
কাজুতে আছে আয়রন ও জিঙ্ক, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তবে এতে ক্যালোরি বেশি থাকায় খালি পেটে খাওয়া উচিত নয়। দুপুরের খাবারের সঙ্গে অথবা স্যালাডে মিশিয়ে কাজু খাওয়া উত্তম।
চিনেবাদাম
চিনেবাদাম প্রোটিন ও ফাইবার সমৃদ্ধ। এতে থাকা নিয়াসিন হার্ট ও মস্তিষ্কের জন্য উপকারী। তবে বেশি লবণ বা মশলাযুক্ত চিনেবাদাম এড়ানো উচিত। চিনেবাদাম দিনের যেকোনও সময়েই পরিমিত পরিমাণে খাওয়া যায়।
সঠিক নিয়ম মেনে, ঠিক সময়ে ও নির্দিষ্ট পরিমাণে বাদাম (Nuts) খেলে তা ওজন কমাতে যেমন সাহায্য করে, তেমনই সার্বিক স্বাস্থ্যেরও উন্নতি ঘটায়। অতএব ওজন কমাতে চাইলে বাদাম রাখুন ডায়েটে—কিন্তু নিয়ম মেনে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
