নিউজ পোল ব্যুরো: সকালের চা বা কফির সঙ্গে বিস্কুট খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। দ্রুত খিদে মেটানো এবং স্বাদের জন্য এই অভ্যাস বেশ জনপ্রিয়। তবে বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন বিস্কুট খাওয়া শরীরের জন্য খুব একটা ভাল নয়। কারণ অধিকাংশ বিস্কুট তৈরি হয় ময়দা, রিফাইনড সুগার, পাম অয়েল এবং ট্রান্স ফ্যাট দিয়ে, যা দীর্ঘমেয়াদে শরীরে নানা সমস্যা তৈরি করতে পারে। সম্প্রতি কিয়ারা আডবাণী (Kiara Advani) সমাজমাধ্যমে নিজের সকালের কফির একটি ছবি ভাগ করে নিয়েছেন। তবে সেখানে কফির সঙ্গে বিস্কুটের বদলে দেখা গিয়েছে ‘হেলদি বাইট’। সেই ছবি ঘিরেই স্বাস্থ্যকর খাবার নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
আরও পড়ুন:Bread: প্রতিদিন পাউরুটি খাওয়া কি সত্যিই স্বাস্থ্যকর? জানুন উপকার ও অপকার
পুষ্টিবিদদের মতে, কফির সঙ্গে এমন কিছু খাওয়া উচিত যা শরীরকে শুধু শক্তিই দেবে না, পুষ্টিও জোগাবে। কারণ খালি পেটে শুধু কফি খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যা হতে পারে। তাই বাদাম, খেজুর বা বীজ দিয়ে তৈরি এনার্জি বাইট কফির সঙ্গে একটি ভাল বিকল্প হতে পারে।
কিয়ারা (Kiara Advani) যেই ধরণের খাবার খান সেই হেলদি বাইটে থাকে স্বাস্থ্যকর ফ্যাট, প্রাকৃতিক শর্করা এবং প্রয়োজনীয় পুষ্টিগুণ। ফলে এটি দ্রুত শক্তি জোগায় এবং রক্তে শর্করার মাত্রাও হঠাৎ বেড়ে যেতে দেয় না। বিশেষ করে ব্যায়ামের আগে বা হালকা খিদে পেলে এই ধরনের খাবার বেশ উপকারী।
এই হেলদি বাইট তৈরি করাও খুব সহজ। প্রথমে কাঠবাদাম, কাজু ও মাখানা শুকনো কড়াইয়ে হালকা ভেজে নিতে হবে। এরপর মিক্সারে সেই উপকরণের সঙ্গে খেজুর ও কিশমিশ দিয়ে ভালো করে ব্লেন্ড করতে হবে। চাইলে স্বাদের জন্য সামান্য কোকো পাউডারও মেশানো যেতে পারে। এরপর মিশ্রণটি হাতে গোল করে ছোট ছোট বলের আকারে তৈরি করলেই প্রস্তুত স্বাস্থ্যকর এনার্জি বাইট।
এই খাবারের সবচেয়ে বড় সুবিধা হল, এতে অতিরিক্ত চিনি বা প্রক্রিয়াজাত উপকরণ থাকে না। ফলে এটি শরীরের জন্য তুলনামূলক ভাবে অনেক বেশি উপকারী। বিশেষজ্ঞদের মতে, ছোট ছোট খাদ্যাভ্যাসের পরিবর্তন দীর্ঘমেয়াদে শরীরের উপর বড় প্রভাব ফেলে। তাই প্রতিদিন বিস্কুট বা ভাজাভুজির বদলে যদি এমন স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া যায়, তা হলে শরীর যেমন ভাল থাকবে, তেমনই বাড়বে শক্তি ও কর্মক্ষমতাও।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
