Abir Chatterjee: নতুন সরকারের কাছে স্বচ্ছতা ও দীর্ঘমেয়াদি উন্নয়নের দাবি টলিউডের, মুখ খুললেন আবির-অর্জুন

পেজ 3

নিউজ পোল ব্যুরো: রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর নতুন সরকারকে ঘিরে নানা মহলে শুরু হয়েছে প্রত্যাশা ও আলোচনা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জয় পেয়ে সরকার গঠন করল বিজেপি। শনিবার ব্রিগেড ময়দানে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই আবহেই নতুন সরকারের কাছে নিজেদের আশা-আকাঙ্ক্ষার কথা জানালেন টলিউডের একাধিক অভিনেতা। সম্প্রতি মুক্তি পেয়েছে আসন্ন ছবি ‘সপ্তডিঙার গুপ্তধন’-এর ট্রেলার। ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অর্জুন চক্রবর্তী এবং ইশা সাহা। ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা রাজ্যের নতুন সরকার সম্পর্কে নিজেদের মতামত জানান।

আরও পড়ুন:Rachana Banerjee: ভোটের ফল প্রকাশের আগেই বড় চমক! বিজেপি কর্মীদের সঙ্গে হাসিমুখে সেলফি তুললেন রচনা বন্দ্যোপাধ্যায়

আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee) জানালেন, এখনই তড়িঘড়ি করে কোনও মন্তব্য করতে তিনি রাজি নন। কারণ, সদ্য নির্বাচনের ফল প্রকাশ হয়েছে এবং সরকার গঠনের কাজ চলছে। তবে একজন শিল্পী হিসেবে তিনি চান, বিনোদন জগতে আরও স্বচ্ছতা আসুক এবং দীর্ঘমেয়াদি উন্নয়নের পরিকল্পনা নেওয়া হোক।

আবিরের কথায়, রাতারাতি পরিবর্তনের আশা তিনি করেন না। বরং সময় নিয়ে সুপরিকল্পিত কাজ হোক, সেটাই তাঁর কাম্য। তিনি মনে করেন, ইন্ডাস্ট্রিতে আরও বেশি বিনিয়োগ প্রয়োজন এবং যাঁরা যে কাজের যোগ্য, তাঁদের সেই দায়িত্ব দেওয়া উচিত। একই সঙ্গে প্রত্যেক শিল্পী ও কলাকুশলী যেন সম্মানের সঙ্গে কাজ করতে পারেন, সেই পরিবেশ তৈরির উপরও জোর দিয়েছেন অভিনেতা।

অন্য দিকে, আবিরের বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন অর্জুন চক্রবর্তী। তিনি বলেন, শুধু ইন্ডাস্ট্রির উন্নয়ন নয়, সাধারণ নাগরিক হিসেবেও তাঁর কিছু প্রত্যাশা রয়েছে। স্বাস্থ্যব্যবস্থা, শিক্ষা, ট্রাফিক এবং আইনশৃঙ্খলার আরও উন্নতি হোক বলেই তিনি চান। তাঁর মতে, সমাজকে সুন্দর ভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে এই মৌলিক বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া জরুরি।

রাজনৈতিক পালাবদলের এই মুহূর্তে সাংস্কৃতিক মহলের একাংশের মধ্যেও নতুন সরকারের ভূমিকা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। শনিবারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি একাধিক কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সাংস্কৃতিক জগতের প্রতিনিধিদেরও দেখা গেছে অনুষ্ঠানে।

রবীন্দ্রজয়ন্তীর দিন এই শপথ অনুষ্ঠান আয়োজনকে ঘিরেও রাজনৈতিক ও সাংস্কৃতিক মহলে আলোচনা শুরু হয়েছে। সব মিলিয়ে, নতুন সরকারকে ঘিরে আশাবাদী টলিউডের শিল্পীরা এখন অপেক্ষায়, আগামী দিনে বাস্তবে কতটা পরিবর্তন আসে তা দেখার।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole