নিউজ পোল ব্যুরো: রাজ্যের রাজনৈতিক ছবিতে নাটকীয় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। একদিকে বিজেপি তিন অঙ্ক ছুঁয়ে এগিয়ে চলেছে, অন্যদিকে তৃণমূল (TMC) দুই অঙ্কেই আটকে রয়েছে। একাধিক কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট নেতা-মন্ত্রীরা পিছিয়ে পড়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই নজর কাড়লেন তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। হুগলির চুঁচুড়ায় বিজেপি সমর্থকদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায় তাঁকে (Rachana Banerjee)। এমনকি বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে হাসিমুখে সেলফিও তোলেন তিনি, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।
এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী-সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো ছিল। আবির খেলায় মেতে ওঠেন অনেকে, যদিও নির্বাচন কমিশনের (Election Commission) তরফে বিজয় মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবুও ফলাফলের প্রাথমিক প্রবণতা ঘিরে উচ্ছ্বাসে ভাসছেন সমর্থকরা।
চুঁচুড়ার পিপুল পাতির মোড়ে উপস্থিত হয়ে রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee) বলেন, একজন সাংসদ হিসেবে তিনি সবার সঙ্গে কথা বলতেই পারেন। তাঁর মতে, রাজনীতির ঊর্ধ্বে মানবিক সম্পর্ক থাকা জরুরি। তিনি আরও জানান, বিভিন্ন মতের মানুষদের সঙ্গে সৌজন্য বজায় রাখতে তাঁর কোনও আপত্তি নেই। উল্লেখ্য, এই কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য পিছিয়ে রয়েছেন এবং বিজেপির সুবীর নাগ এগিয়ে আছেন। এই ফলাফল ঘিরে স্থানীয় রাজনীতিতে নতুন করে জল্পনা তৈরি হয়েছে। আগে থেকেই রচনা বন্দ্যোপাধ্যায় ও অসিত মজুমদারের মধ্যে গোষ্ঠী কোন্দলের অভিযোগ ছিল, যা এবার ভোটের ফলাফলে প্রভাব ফেলেছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
