Mamata Banerjee: ‘সূর্যাস্তের পরেই জিতবেন আপনারা, শুধু অপেক্ষা করুন’, ভোটগণনার আগে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: গণনাকেন্দ্র ছেড়ে না যাওয়ার স্পষ্ট নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ভোটগণনা এখনও একাধিক ধাপে বাকি রয়েছে বলে দলীয় কর্মী ও কাউন্টিং এজেন্টদের ধৈর্য ধরে শেষ পর্যন্ত থাকার বার্তা দেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত এক ভিডিও বার্তায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) অভিযোগ করেন, গণনাপ্রক্রিয়ায় পরিকল্পিতভাবে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। তাঁর দাবি, প্রথম কয়েক দফায় নির্দিষ্টভাবে এক পক্ষের ফলাফল আগে দেখানো হচ্ছে, আর অন্য পক্ষের ফলাফল পরে প্রকাশ করা হচ্ছে, যাতে ভুল ধারণা তৈরি হয়। তিনি আরও বলেন, কিছু কেন্দ্রে কয়েক দফা গণনার পর হঠাৎ করে প্রক্রিয়া থামিয়ে দেওয়ার ঘটনাও সামনে এসেছে, যা সন্দেহের জন্ম দিচ্ছে।

আরও পড়ুন: Sujit Basu : বিধাননগরে শুরুতে পিছিয়ে তৃণমূল, দুপুর গড়াতেই ‘খেলা’ বদলে দিলেন সুজিত বসু

তিনি কল্যাণীর একটি ঘটনার উদাহরণ টেনে বলেন, সেখানে কয়েকটি মেশিনে গরমিল ধরা পড়েছে। তাঁর অভিযোগ, এই সব কাজ কেন্দ্রীয় বাহিনীর সহায়তায় জোর করে করানো হচ্ছে। পাশাপাশি তিনি দাবি করেন, বিভিন্ন এলাকায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, দলীয় কার্যালয় ভাঙচুর করা হচ্ছে এবং দখলের চেষ্টা চলছে। তবে এই পরিস্থিতিতেও কর্মীদের মনোবল অটুট রাখার আহ্বান জানান মমতা। তিনি বলেন, এখনই হতাশ হওয়ার কোনও কারণ নেই, কারণ এখনও বহু দফা গণনা বাকি। তাঁর বিশ্বাস, শেষ পর্যন্ত ফলাফল তাদের পক্ষেই যাবে।

কর্মীদের উদ্দেশে তিনি (Mamata Banerjee) স্পষ্ট বার্তা দেন, কেউ যেন ভয় না পান বা মাঝপথে গণনাকেন্দ্র ছেড়ে না যান। ধৈর্য ধরে শেষ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শ দেন তিনি। তাঁর কথায়, লড়াই শেষ না হওয়া পর্যন্ত আত্মবিশ্বাস হারানো যাবে না।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole