Mithun Chakraborty : ‘দ্য বেঙ্গল ফাইলস’ ঘিরে বিতর্ক তুঙ্গে, মুখ খুললেন মিঠুন চক্রবর্তী

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবিটি মুক্তির আগেই প্রবল বিতর্কের কেন্দ্রে চলে এসেছে। ছবির প্রচারের জন্য পরিচালক বাংলায় এসেছিলেন, সেখানেই তার ট্রেলার প্রদর্শনীকে কেন্দ্র করে শুরু হয় তীব্র উত্তেজনা। মাঝপথেই ট্রেলার বন্ধ হয়ে যায় বলে অভিযোগ ওঠে। ঘটনাস্থলে পুলিশ পর্যন্ত হাজির হয়েছিল। সেই ঘটনার পর থেকেই ছবি ঘিরে বিতর্ক আরও ঘনীভূত হয়।এই সিনেমায় অভিনয় করছেন বাংলার একাধিক জনপ্রিয় শিল্পী। শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস, মিঠুন চক্রবর্তী সহ আরও কয়েকজন পরিচিত অভিনেতাকে দেখা যাবে গুরুত্বপূর্ণ চরিত্রে। কিন্তু এই ছবির সঙ্গে নাম জড়াতেই তাদেরকেও নানা সমালোচনা ও কটাক্ষের মুখে পড়তে হয়েছে। সম্প্রতি এই প্রসঙ্গে মুখ খুললেন মিঠুন চক্রবর্তী।

আরও পড়ুন: Parineeti Chopra: বিয়ের দুই বছরের মাথায় সুখবর, মা হতে চলেছেন পরিণীতি চোপড়া

মিঠুনের বক্তব্য, বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে যখনই কোনও সিনেমা তৈরি হয়, তখন সেটাকে রাজনৈতিক প্রভাবিত বলে দাগিয়ে দেওয়ার প্রবণতা দেখা যায়। তাঁর কথায়, “যখনই সত্য কথাটা বলা হয়, তখনই বলা হয় এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। কেউ সত্যের মুখোমুখি দাঁড়াতে চায় না।” তিনি উদাহরণ হিসেবে আনেন নোয়াখালির ভয়াবহ হত্যাযজ্ঞের ঘটনা। মিঠুন বলেন, “মানুষ শুধু জানেন, সেখানে বহু মানুষকে হত্যা করা হয়েছিল। কিন্তু কীভাবে, কেন সেই ঘটনা ঘটেছিল, সেটা জানার চেষ্টা কেউ করেন না। বিবেক অগ্নিহোত্রী সেই অজানা সত্যিটাই সামনে আনতে চাইছেন।” তার দাবি, “নোয়াখালিতে প্রায় চল্লিশ হাজার হিন্দু নির্মমভাবে নিহত হয়েছিলেন। কেউ যদি আজ সেই সত্যটা বলতে চান, তাকে রাজনৈতিক স্বার্থে কাজ করছে বলে অভিযুক্ত করা হয়। এ কেমন আচরণ!”অভিনেতা আরও জানান, চিত্রনাট্য বাছাই করার সময় তাকে পুরো গল্প পড়তে হয় না।

সাধারণত মাত্র এক-দুটি লাইন পড়েই তিনি বুঝতে পারেন ছবির দিশা কী এবং এটি কী বার্তা দিতে চাইছে। সেই বিচারেই তিনি সিদ্ধান্ত নেন কাজ করবেন কি না। ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ক্ষেত্রেও তিনি প্রথম কিছু অংশ পড়েই নিশ্চিত হয়েছিলেন যে এই ছবিতে তাঁকে অবশ্যই অভিনয় করতে হবে।এখন দর্শকের অপেক্ষা, সিনেমাটি বড়পর্দায় এলে সেটিকে কীভাবে গ্রহণ করবেন সাধারণ মানুষ। কেউ এটিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন, নাকি সত্য ঘটনা হিসেবে মেনে নেবেন, সেই উত্তর দেবে সময়ই।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole