Durga Puja 2025 : ভিজে মাটির জেরে থমকে প্রতিমা গড়ার কাজ, চিন্তায় শিল্পীরা

কলকাতা জেলা

সঙ্গীতা ঘোড়ুই : পুজোর (Durga Puja 2025) আগে প্রতিমা গড়ার ব্যস্ততা এখন তুঙ্গে। কিন্তু টানা বৃষ্টি মৃৎশিল্পীদের চিন্তা বাড়িয়ে তুলেছে। কুমোরটুলির(Kumortuli) গলি থেকে শুরু করে হুগলি(Hoogly), নদিয়া(Nadia)কিংবা বাঁকুড়ার(Bankura) গ্রামাঞ্চল সব জায়গাতেই একই চিত্র। বৃষ্টির জেরে শুকোতে পারছে না কাঁচামাটি, ফলে ধীরগতিতে এগোচ্ছে প্রতিমা তৈরির কাজ। মৃৎশিল্পীদের আশঙ্কা, সময়মতো প্রতিমা ডেলিভারি(Delivery) দেওয়া এবার কঠিন হয়ে পড়তে পারে।

আরও পড়ুন: Rain Update: সক্রিয় রয়েছে আরও এক ঘূর্ণাবর্ত, কলকাতা সহ একাধিক জেলায় ফের দুর্যোগের কালো মেঘ

সাধারণত অগস্টের(August) শেষ দিক থেকেই প্রতিমা রঙের কাজ শুরু হয়। কিন্তু এবছর অঝোরে বৃষ্টি সেই কাজও আটকে দিয়েছে। প্রতিমার গায়ে প্রথম কোট শুকোতে সময় লাগছে দ্বিগুণ। এক মৃৎশিল্পী জানান, “যে জায়গায় একদিনেই শুকিয়ে যেত, সেখানে তিন-চার দিনেও পুরোপুরি শুকোচ্ছে না। ফলে রঙের কাজ পিছিয়ে যাচ্ছে।”প্রতিমা তৈরির এই বিলম্বে উদ্বিগ্ন পুজো উদ্যোক্তারা। অনেক ক্লাব প্রতিমা ডেলিভারির নির্দিষ্ট তারিখ ঠিক করে রেখেছে। কিন্তু আবহাওয়ার কারণে মৃৎশিল্পীরা সে প্রতিশ্রুতি রাখতে পারবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। কিছু শিল্পী বিকল্প ব্যবস্থা হিসেবে ইলেকট্রিক হিটার, ব্লোয়ার কিংবা বড়ো আলো জ্বালিয়ে শুকোনোর চেষ্টা করছেন। তবে এতে খরচ বেড়ে যাচ্ছে কয়েক গুণ।

অন্যদিকে, ছোট শিল্পীরা এই বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন। তাদের বক্তব্য, “এবার কাঁচামালের দাম আগেই বেড়েছে। তার ওপর এই অতিরিক্ত খরচ চাপছে আমাদের ঘাড়ে। কিন্তু ক্লাবগুলো দাম বাড়াতে চাইছে না।”

মৃৎশিল্পীদের আশা, সেপ্টেম্বরের শুরুতে যদি বৃষ্টি কিছুটা কমে যায়, তবে আবার গতি ফিরবে কাজের। কিন্তু আবহাওয়ার পূর্বাভাস বলছে, আরও কিছুদিন চলবে বর্ষা। ফলে শিল্পীরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন সময়ে প্রতিমা পৌঁছে দেওয়া যাবে তো? তবুও দীর্ঘ অভিজ্ঞতা তাদের ভরসা জোগাচ্ছে। প্রতিবারের মতোই শেষ মুহূর্তে জোরকদমে কাজ করে হয়তো এবারও হাসিমুখেই প্রতিমা পৌঁছে দেবেন তারা শহর ও গ্রামবাংলার প্রতিটি পুজো মণ্ডপে।