অগ্নিকাণ্ডের পর কড়া নজরদারি, কৌশিকী অমাবস্যায় নিরাপত্তার চাদরে তারাপীঠ

জেলা

নিউজপোল ব্যুরো : কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে বীরভূমের তারাপীঠে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। কয়েকদিন আগে তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার পর এবার পুণ্যার্থীদের নিরাপত্তায় বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কৌশিকী অমাবস্যায় প্রতিবছরই তারাপীঠে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয়। এবারও লাখো পুণ্যার্থীর ভিড়ের সম্ভাবনা রয়েছে।

বড় জমায়েত সামলাতে প্রায় ৪ হাজার পুলিশকর্মী মোতায়েন করা হচ্ছে। তারাপীঠ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারির জন্য থাকছে প্রায় ৮০০টি সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি পুলিশ সহায়তা কেন্দ্র, ওয়াচ টাওয়ার, ফায়ার টেন্ডার এবং বিপর্যয় মোকাবিলা দলের ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও দেখুন :-দীর্ঘ অপেক্ষার অবসান, কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি রবীন্দ্র ঘুগে

অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে আগুন মোকাবিলার ব্যবস্থাতেও বিশেষ নজর দেওয়া হচ্ছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত থাকবে সংশ্লিষ্ট দফতরগুলি।

ভক্তদের যাতায়াত সহজ করতে ফ্রি শাটেল বাস পরিষেবা চালু করা হচ্ছে। পাশাপাশি অতিরিক্ত বাস ও ট্রেনের ব্যবস্থাও থাকছে। কলকাতা থেকে বিশেষ বাস এবং হাওড়া-রামপুরহাট রুটে অতিরিক্ত ট্রেন চালানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়াও পানীয় জল, পার্কিং এবং অন্যান্য পরিষেবার দিকেও নজর দেওয়া হচ্ছে। প্রশাসনের লক্ষ্য, নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে কোনওরকম খামতি না রেখে কৌশিকী অমাবস্যার পুজো নির্বিঘ্নে সম্পন্ন করা।