নিউজপোল ব্যুরো :দীর্ঘ অপেক্ষার অবসান। কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি রবীন্দ্র ভিঠালরাও ঘুগে। বুধবার সকালে রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে তাঁর শপথগ্রহণ হয়। পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি তাঁকে শপথবাক্য পাঠ করান।
বিচারপতি রবীন্দ্র ঘুগে কলকাতা হাই কোর্টের ৪৫তম প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। এতদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির নেতৃত্বেই চলছিল কলকাতা হাই কোর্ট। ফলে স্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ ঘিরে দীর্ঘদিন ধরেই আইনজীবী মহলে আলোচনা ছিল। নতুন প্রধান বিচারপতি দায়িত্ব নেওয়ায় আদালতের প্রশাসনিক কাজ আরও গতি পাবে বলে মনে করছেন আইনজীবীদের একাংশ।
আরও দেখুন :-আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ—দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় পথে সিপিআইএম
শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার স্পিকার, মন্ত্রী-বিধায়ক এবং কলকাতা হাই কোর্টের বর্তমান ও প্রাক্তন বিচারপতিরা।
১৯৯০ সালে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন রবীন্দ্র ঘুগে। দীর্ঘ আইনজীবী জীবনে তিনি শ্রমিক ইউনিয়ন-সহ বিভিন্ন পক্ষের হয়ে বহু মামলায় সওয়াল করেছেন। পরবর্তী সময়ে শিল্প সংস্থা ও বহুজাতিক সংস্থার হয়েও আদালতে সওয়াল করেন তিনি। বিচারপতি হিসেবেও তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।
এবার কলকাতা হাই কোর্টের স্থায়ী প্রধান বিচারপতি হিসেবে নতুন দায়িত্ব সামলাবেন রবীন্দ্র ভিঠালরাও ঘুগে।
