আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ—দুর্নীতির অভিযোগে হাড়োয়ায় পথে সিপিআইএম

জেলা

নিউজপোল ব্যুরো: আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ—বিভিন্ন সরকারি প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে হাড়োয়ায় প্রতিবাদ মিছিল করল সিপিআইএম। মঙ্গলবার হাড়োয়া সিপিআইএমের এরিয়া কমিটির উদ্যোগে ১৬ দফা দাবিতে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি হাড়োয়া সিপিআইএম পার্টি অফিস থেকে শুরু হয়ে হাড়োয়া গ্রাম পঞ্চায়েত অফিসে পৌঁছয়। সেখানে পঞ্চায়েত কর্তৃপক্ষের কাছে ১৬ দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন জমা দেন দলের নেতা-কর্মীরা।

সিপিআইএমের অভিযোগ, আবাস যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। সেই সমস্ত প্রকল্পের হিসাব জনসমক্ষে প্রকাশ এবং দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

আরও দেখুন :-অভিষেকের কার্যালয় ভাঙার মামলা, সময় চাওয়ায় আইনজীবীকে কড়া বার্তা বিচারপতির

দলের দাবিগুলির মধ্যে রয়েছে আবাস যোজনার সমস্ত উপভোক্তার তালিকা প্রকাশ, ‘আমার পাড়া আমার সমাধান’-এর তথ্য প্রকাশ, পঞ্চায়েতের ২০১১ সাল থেকে সমস্ত প্রকল্পের হিসাব জনসমক্ষে আনা এবং অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তাদের নাম নথিভুক্ত করা।

পাশাপাশি শ্রমিকদের ন্যায্য মজুরি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কৃষক ও ক্ষেতমজুরদের পেনশন, রাস্তা ও নিকাশি ব্যবস্থার উন্নয়ন এবং বিদ্যাধরী নদী সংস্কারের দাবিও জানানো হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গার্গী চট্টোপাধ্যায়, ইমতিয়াজ হোসেন, আসিফ আলম-সহ সিপিআইএম ও বামফ্রন্টের একাধিক নেতা-নেত্রী। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।