নিউজপোল ব্যুরো: দক্ষিণ ২৪ পরগনার আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙার মামলায় ফের অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। মামলার শুনানিতে বারবার সময় চাওয়ায় মঙ্গলবার অভিষেকের আইনজীবীকে সতর্ক করেন বিচারপতি শুভ্রা ঘোষ। আদালতের পর্যবেক্ষণ, আগামী শুনানিতে প্রস্তুত হয়ে না এলে কার্যালয় ভাঙার উপর দেওয়া অন্তর্বর্তী স্থগিতাদেশের মেয়াদ আর বাড়ানো হবে না।
এদিন মামলার শুনানি চলাকালীন ফের সময় চান অভিষেকের আইনজীবী। তাতেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি। তিনি স্পষ্ট করে দেন, আগামী ২২ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে আইনজীবীকে প্রস্তুত থাকতে হবে। অন্যথায় স্থগিতাদেশের মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে না।
আরও দেখুন :-খাবারে বিষাক্ত রং,পচা খাবার! কলকাতার ৪০ প্রতিষ্ঠানকে লাইসেন্স সাসপেন্ড
উল্লেখ্য, আমতলায় অভিষেকের ওই কার্যালয় অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেখানে আগে একটি বেকারি ছিল। সেটি সরিয়ে ওই বহুতল কার্যালয় নির্মাণ করা হয়। গত ১৭ মে সুশান্ত মণ্ডল নামে এক ব্যক্তি নির্মাণ নিয়ে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে প্রশাসন পদক্ষেপ করে এবং গত ১৮ জুলাই কার্যালয়ের একাংশ ভাঙার কাজ শুরু হয়।
এরপর আদালতের দ্বারস্থ হন অভিষেক। কলকাতা হাইকোর্ট কার্যালয় ভাঙার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এখন আগামী ২২ সেপ্টেম্বরের শুনানির দিকেই নজর রয়েছে।
