নিউজপোল ব্যুরো: পুজোর আগে কলকাতায় খাবারের গুণমান ও পরিচ্ছন্নতা নিয়ে কড়া পদক্ষেপ কলকাতা পুরনিগমের। পচা খাবার, মেয়াদ উত্তীর্ণ মশলা থেকে শুরু করে খাবারে বিষাক্ত রং ব্যবহারের অভিযোগ—একাধিক অনিয়মের কারণে শহরের প্রায় ৪০টি রেস্তোরাঁ, হোটেল ও খাবার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।
এই তালিকায় রয়েছে ইএম বাইপাসের ধারের সিমলা বিরিয়ানি থেকে নাগেরবাজারের আরসালান। বাদ যায়নি বি এল সাহা রোডের নামী মিষ্টির দোকান বলরাম মল্লিক ও রাধারমণ মল্লিকও। পুরসভার পরিদর্শনে মিষ্টির দোকানগুলিতেও উঠে এসেছে একাধিক গুরুতর অভিযোগ। অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, দুধে ভেজাল, খাবার তৈরির কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা ও টিকাকরণের নথি না থাকার মতো অনিয়ম ধরা পড়েছে বলে জানা গিয়েছে।
এছাড়াও ফ্রিজে রাখা খাবারে Date Tag না থাকা, ঢাকনাবিহীন ডাস্টবিন, সঠিক তাপমাত্রা মাপার ব্যবস্থা না থাকা এবং কর্মীদের টুপি-অ্যাপ্রন না পরার মতো নিয়মভঙ্গও নজরে এসেছে। বেশ কিছু খাবার খোলা অবস্থায় সংরক্ষণ করা হচ্ছিল বলেও অভিযোগ।
কলকাতা পুর কমিশনার স্মিতা পাণ্ডে জানিয়েছেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলি নিয়ম মেনে পুনরায় আবেদন করলে বিষয়টি খতিয়ে দেখা হবে। পুজোর আগে শহরের খাবারের দোকানগুলিতে পরিচ্ছন্নতা ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ বলে পুরসভার তরফে জানানো হয়েছে।
