ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিয়ে সাইবার প্রতারণা, চন্দননগরে গ্রেফতার ১২

অপরাধ জেলা

নিউজপোল ব্যুরো: হুগলিতে সাইবার প্রতারণার বিরুদ্ধে বড়সড় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করল চন্দননগর পুলিশ কমিশনারেট। আরও এক জনকে আটক করা হয়েছে। ধৃতদের কাছ থেকে একাধিক ব্যাঙ্ক সংক্রান্ত নথি, ডেবিট ও ক্রেডিট কার্ড, প্যান কার্ড, মোবাইল ফোন এবং সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে চন্দননগর কমিশনারেটের ডিসিপি (ডিডি) জানান, কেন্দ্র ও রাজ্য সরকারের বিশেষ পোর্টাল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান চালানো হচ্ছে। সাইবার ক্রাইম থানায় মামলা রুজু করে চলতি মাসের শুরু থেকেই কমিশনারেট এলাকায় অভিযান শুরু হয়।

আরও দেখুন :-৮ লক্ষের সোনার গয়না চুরি, নন্দীগ্রামে ধৃত ৩

তদন্তে পুলিশের দাবি, ধৃতদের মধ্যে কেউ প্রতারকদের কাছে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া দিতেন, কেউ আবার অ্যাকাউন্টদাতা ও প্রতারকদের মধ্যে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতেন। আধার সংক্রান্ত প্রলোভন দেখিয়ে ছোট দোকানদারদের প্রতারণা এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রপোজার হিসেবেও কয়েক জন কাজ করতেন বলে অভিযোগ।

ধৃতদের বয়স ২২ থেকে ৪৫ বছরের মধ্যে। তাঁদের মধ্যে আইটি সংস্থার প্রাক্তন কর্মী এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াও রয়েছেন। পুলিশের দাবি, এই চক্রের সঙ্গে ২০ লক্ষ টাকারও বেশি প্রতারণার যোগ রয়েছে। পাশাপাশি আন্তঃরাজ্য সাইবার অপরাধের যোগসূত্রও খতিয়ে দেখা হচ্ছে।