৮ লক্ষের সোনার গয়না চুরি, নন্দীগ্রামে ধৃত ৩

অপরাধ জেলা

নিউজপোল ব্যুরো বাড়িতে চুরির ঘটনার তদন্তে বড়সড় সাফল্য পেল নন্দীগ্রাম থানার পুলিশ। প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন নাবালিকা রয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুলাই নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ-২ গ্রাম পঞ্চায়েতের কমলপুর গ্রামের বাসিন্দা নির্মল দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ি থেকে সোনার গয়নাসহ বেশ কিছু সামগ্রী চুরি যায় বলে অভিযোগ। ঘটনার পর নন্দীগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা।

আরও দেখুন :-পাহাড়ের উন্নয়নে একগুচ্ছ সিদ্ধান্ত, কালিম্পংয়ে নতুন মেডিক্যাল কলেজের ঘোষণা

অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে নন্দীগ্রাম থানার পুলিশ। নন্দীগ্রাম থানার আইসি অজয় কুমার মিশ্রের নেতৃত্বে শুরু হয় তদন্ত। তদন্তের সূত্র ধরে তিনজনকে গ্রেফতার করা হয় এবং তাঁদের কাছ থেকে প্রায় ৮ লক্ষ টাকা মূল্যের চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।

ধৃতদের মধ্যে একজন নাবালিকা থাকায় আইন অনুযায়ী তাকে আদালতে পেশ করা হয়। আদালতের নির্দেশে তাকে হোমে পাঠানো হয়েছে।

তবে কীভাবে এই চুরির ঘটনা ঘটানো হয়েছিল, এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং চুরি যাওয়া সমস্ত সম্পত্তি উদ্ধার করা সম্ভব হয়েছে কি না—তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের স্বার্থে এই মুহূর্তে ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে পুলিশ আরও তথ্য সামনে আনতে পারে বলে জানা গিয়েছে।