Weather Update: ছুটি নেওয়ার ইচ্ছাই নেই বৃষ্টির, জেনে নিন ছুটির দিনে কেমন থাকবে আবহাওয়া

আবহাওয়া কলকাতা জেলা

নিউজ পোল ব্যুরো: চলতি বছরে বৃষ্টি কিছুতেই বিদায় নিতে চাইছে না। গোটা দেশের মানুষকে নাজেহাল করছে এই বৃষ্টি। বাংলাকে ভোগাচ্ছে নিম্নচাপ। দক্ষিণবঙ্গে বৃষ্টি থেকেকিছুটা স্বস্তি মিললেও, উত্তরবঙ্গে দুর্যোগ অব্যহত রয়েছে। একটানা চলছে বৃষ্টি। শনিবারেও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। উপকূলের জেলাগুলি বেশি প্রভাবিত হয়েছে। সামনেই পুজো। হাতে রয়েছে আর মাত্র কয়েকটা দিন। আজ রবিবার ছুটির দিনে কেনাকাটার আনন্দ কি মাটি করতে পারে বৃষ্টি? জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ফের বাংলায় ফিরতে পারে মৌসুমী অক্ষরেখা। জার জেগেই আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ রবিবার ও আগামীকাল সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা কম হলেও মঙ্গলবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। বৃষ্টি কমার সঙ্গে সঙ্গেই জলীয়বাষ্প থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বাংলা জুড়ে। আজ রবিবার মূলত উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাজুড়ে কোথাও কোথাও মেঘ জমলে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন: Jammu Kashmir Cloudburst: জম্মু ও কাশ্মীরে প্রাকৃতিক বিপর্যয়ের মরণছায়া, রামবনে হড়পা বানে ভেসে মৃত্যু অন্তত তিন, নিখোঁজ আরও চার

অন্যদিকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরের এই জেলাগুলিতে জারি হয়েছে কমলা সতর্কতা। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও।