নিউজ পোল ব্যুরো: জম্মু ও কাশ্মীর (Jammu Kashmir Cloudburst) যেন একের পর এক প্রাকৃতিক দুর্যোগের চক্রব্যুহে আটকে পড়েছে। কিশ্তওয়াড় ও ডোডার পর এবার রামবন (Ramban) জেলা। শুক্রবার গভীর রাতে প্রবল মেঘভাঙা বৃষ্টির জেরে ভয়াবহ হড়পা বান আছড়ে পড়ে রামবনের (Ramban) রাজবাগ এলাকায়। দ্রুবলা নালা থেকে নেমে আসা আকস্মিক এই জলোচ্ছ্বাসে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একাধিক ঘরবাড়ি ও একটি প্রাথমিক বিদ্যালয়।
আরও পড়ুন: Building collapse: মুম্বইয়ের বহুতল ভেঙ্গে মৃত ৩, বেশ কয়েকজনের আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেল থেকেই টানা বৃষ্টি হচ্ছিল এলাকায়। রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ আচমকাই দ্রুবলা নালার জলস্তর অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে হড়পা বানের সৃষ্টি হয়। বিশাল জলের তোড়ে দুটি বাড়ি সম্পূর্ণ ভেসে যায়। সেই বাড়িগুলিতেই বাস করতেন হতাহতরা। শনিবার ভোররাতে উদ্ধারকারী দল তিন জনের মৃতদেহ উদ্ধার করে। এখনো নিখোঁজ রয়েছেন চার গ্রামবাসী, তাদের খোঁজে রাতভর অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী বাহিনী ও পুলিশ।
তবে, এই ঘটনা নতুন নয়। এর আগে ১৪ অগস্ট কিশ্তওয়াড়েও মেঘভাঙা (Jammu Kashmir Cloudburst) বৃষ্টির জেরে প্রাণঘাতী হড়পা বান নেমে এসেছিল, যার অভিঘাতে বহু মানুষ এখনো নিখোঁজ। এরপর ডোডা, রেইসি ও কাঠুয়া জেলাতেও দেখা দিয়েছে একই ধরনের দুর্যোগ। জম্মু ও কাশ্মীর প্রশাসন সূত্রে খবর, ১৪ অগস্ট থেকে ২৮ অগস্টের মধ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩৮ জন। আবহাওয়া দফতর থেকে আরও আশঙ্কার খবর মিলেছে। পূর্বাভাস অনুযায়ী, জম্মুর (Jammu Kashmir Cloudburst) পার্বত্য অঞ্চলে আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত টানা ভারী বৃষ্টি চলবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই লাগাতার প্রাকৃতিক দুর্যোগের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি বিপদসীমার আশেপাশের এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
