নিউজ পোল ব্যুরো: দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত বিস্তৃত ৩২ কিলোমিটার ব্লু লাইন দীর্ঘদিন ধরে কলকাতার মেট্রোর মূল ভরসা। একসময় একমাত্র এই পথেই চলত মেট্রো। কিন্তু সাম্প্রতিক সময়ে নতুন গ্রিন, ইয়েলো ও অরেঞ্জ লাইন চালু হওয়ার পর চাপ আরও বেড়েছে ব্লু লাইনে। বিশেষ করে এসপ্ল্যানেড-শিয়ালদহ অংশ এবং বিমানবন্দর-নোয়াপাড়া সংযোগ চালুর পর প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লাখ যাত্রী ভিড় জমাচ্ছেন এই পুরোনো লাইনে। ফলে বাড়তি চাপে ন্যুব্জ হয়ে পড়েছে ব্লু লাইন।
বর্তমানে কবি সুভাষ স্টেশন বন্ধ থাকায় সমস্যা আরও জটিল। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চালু থাকলেও সেখানে ডাউন ট্রেনকে আপ লাইনে ফেরানোর ব্যবস্থা নেই। তাই ফাঁকা রেক কবি সুভাষ পর্যন্ত নিয়ে গিয়ে টার্ন আউট করতে হচ্ছে। এর জেরে সময়সূচি বিঘ্নিত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ কিছু ট্রেন শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চালাচ্ছেন, আবার কিছু মহানায়ক উত্তম কুমার পর্যন্ত। কিন্তু তাতেও যাত্রী ভিড় নিয়ন্ত্রণে আসছে না।নতুন গ্রিন লাইন চালু হওয়ার পর থেকেই হাওড়া, শিয়ালদহ কিংবা সল্টলেক থেকে অসংখ্য যাত্রী এসে এসপ্ল্যানেডে নেমে ব্লু লাইন ধরছেন।

একইভাবে ইয়েলো এবং অরেঞ্জ লাইনের উদ্বোধনের পরও ব্লু লাইনে যাত্রী চাপ বেড়েছে। অথচ নতুন ট্রেনের বেশির ভাগই দেওয়া হয়েছে ইয়েলো লাইনে। পুরনো ব্লু লাইনই এখন সবচেয়ে বেশি চাপে। যাত্রীদের অভিযোগ, সময়ানুবর্তিতা ভেঙে পড়েছে, অনেক রেকের এসি খারাপ, দরজা বন্ধ হয় না—এমন নানা সমস্যায় প্রতিদিন ভোগান্তি পোহাতে হচ্ছে।তবে এই ভিড়ের মধ্যেই বেড়েছে আয়ও। প্রধানমন্ত্রীর উদ্বোধনের আগের দিন মেট্রোর আয় ছিল প্রায় ৯০ লাখ টাকা, যা সপ্তাহের শেষে দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখে। এক দিনে সর্বাধিক আয় হয়েছে ১ কোটি ৪২ লাখ টাকারও বেশি। যাত্রী সংখ্যা ২১ অগস্টে ছিল ৬ লাখ ২৪ হাজার, যা ২৭ অগস্টে বেড়ে হয়েছে ৭ লাখ ৩৪ হাজার।

ব্লু লাইন এখনও মেট্রোর আয়ের মূল ভরসা।যদিও মেট্রো কর্তৃপক্ষ দাবি করছেন, নিয়মিত পরিষেবার উন্নতিতে কাজ চলছে। রবিবার শহিদ ক্ষুদিরামে নতুন টার্ন আউট বসানোর পর সমস্যা মিটবে বলে আশ্বাস দিয়েছেন তারা। কিন্তু যাত্রীরা বলছেন, প্রতিদিনের ভোগান্তি কমাতে অবিলম্বে ব্লু লাইনে নজর দেওয়া দরকার। শহরের প্রাচীনতম এই মেট্রোপথই আজও লক্ষ্মীলাভের প্রধান উৎস, অথচ সেই ভরসাই হয়ে উঠেছে যাত্রীদের চোখে সবচেয়ে বড় দুঃসহ অভিজ্ঞতা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
