নিউজ পোল ব্যুরো: দুয়ারে কড়া নাড়ছে পুজো। হাতে গুনে বাকি আর মাত্র কয়েকটা দিন। শুরু হয়েছে পুজোর বাজার। কিন্তু এর মধ্যে সবথেকে বেশি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। আকাশে শরৎ-এর পেঁজা তুলোর মত মেঘের বদলে কালো করে আসছে আকাশ। যেখানে মেঘ জমছে সেখানেই নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। সপ্তাহ শেষে পুজোর শপিং মাটি করবে কি বৃষ্টি (Rain Update) এটাই এখন লাখ টাকার প্রশ্ন।
শুক্রবার কলকাতা সহ একাধিক জেলা ভিজেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। কোথাও কোথাও হয়েছে ভারী বৃষ্টিও। শুধু কলকাতা নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলাই ভিজেছে বৃষ্টিতে। রবিবার দুপুর পর্যন্ত দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ও বৃষ্টি চলবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, রবিবারের পর থেকে বৃষ্টি কমলে দক্ষিণবঙ্গে বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। শনি ও রবিবার দুই বঙ্গে বৃষ্টির দোসর হতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া।
উত্তরবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। আজ শনিবার ও আগামীকাল রবিবার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টি চলবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি তার সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইতে পারে দার্জিলিং-সহ ওপরের সব জেলাতেই। শনিবার দুপুর পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও হবে বৃষ্টি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
